শিমুর নির্যাতনকারী শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিমু আক্তারকে শারীরিক নির্যাতনকারী সহকারী শিক্ষক শেখ জারজিস আহম্মেদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থগিত করা হয়েছে। তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সাময়িক বরখাস্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবগত করতে বিদ্যালয় পরিচালনা কমিটিকে (এসএমসি) নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করায় তাঁর বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য কমিটিতে বলা হয়েছে। এ ধরনের নির্যাতনের ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটিকে সতর্ক করা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শিমু আক্তারের নির্যাতনের খবর পেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এক দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মহাপরিচালক নোমান উর রশীদ আজ সোমবার বিকেল তিনটায় শিক্ষামন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।উল্লেখ্য, শিমুর বাবা ইউসুফ আলী কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন এবং পুলিশ এরই মধ্যে জারজিস আহম্মেদকে গ্রেপ্তার করেছে।