পথে পথে গাড়ি পুড়ছে। কিছু লোক সহিংসতায় উন্মত্ত। তাদের নিরস্ত করতে লাঠি-গুলি-কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। হতাহত দুই পক্ষই। পোড়া গাড়ির ওপর পাক খেয়ে ওঠা কালো ধোঁয়া, চোখে জ্বালা ধরানো গ্যাসের কুণ্ডলী মিশে যাচ্ছে হাওয়ায়। তার সঙ্গে অশ্রু, আর্তনাদ, উদ্বেগও। বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে ছুটে আসা আর্দ্র-কোমল এই হাওয়াকে সংস্কৃতে বলে ‘মলয় সমীরণ’। এবার বসন্তের সেই মলয় সমীরণে মিশেছে সহিংসতার বিষ।শিমুল-পলাশের রক্তরাগে হূদয় রাঙিয়ে নেওয়ার সুযোগ এ শহরে নেই। অশোকও বিরল। আমগাছগুলোতে এ বছর প্রচুর মুকুল এসেছে। পুরু হয়ে ধুলো জমে থাকা মলিন পাতা ছাপিয়ে ওঠা মুকুলের প্রাচুর্যে গাছগুলো নতুন বলে মনে হয়। পাশ দিয়ে যাওয়ার সময় কোনো ঝাঁজালো দুপুরে বা বিকেলের পড়ন্ত বেলায় মুকুলের মদির সৌরভ ভেসে এলে মন যেন স্মৃতির ঝাঁপি খুলে অতীতমুখী হতে চায়। বসবাস শহরে হলেও গ্রামেই নাড়ি পোঁতা অধিকাংশের। আচমকা নাকে এসে লাগা আমের বোলের ঘ্রাণ মনে করিয়ে দেয়, আমবাগানে ঘুরে ঘুরে কাঁচা আম পেড়ে নুন দিয়ে মাখিয়ে খাওয়ার দুরন্ত কৈশোর। নিজের অগোচরেই কি একটি লম্বা শ্বাস বের হয়ে আসে বুক থেকে—আহা, কি দিনই না গেছে সেসব! এখন কাঁচা আম? ওরে বাবা, কামড় দিলেই দাঁত শিরশির। অম্বল-পিত্ত-উচ্চ রক্তচাপ। কত নিয়ম, কত যে নিষেধের মধ্য দিয়ে পেরিয়ে যেতে হয় বয়সের বেলা হেলে পড়লে।প্রকৃতি নতুন হয়ে ওঠে বছরে বছরে। আম্রকাননে মঞ্জরি ঝরে গিয়ে দেখা দেয় সবুজ গুটি। পাতাঝরা পথতরুগুলোর শাখায় শাখায় উঁকি দিচ্ছে কিশলয়। ঢাকায় অনেক সড়কেরই পাশে, মাঝের বিভক্তিতে দেবদারু রোপণ করা হয়েছিল। নানা প্রতিকূলতা সত্ত্বেও বেড়ে উঠেছে ওগুলো। বসন্তের প্রারম্ভে চকচকে কচিপাতায় শাখাগুলো ভরে ওঠে। নবীন কিশলয়ের সেই দ্যুতি আশপাশের রুক্ষতাকে ঘুচিয়ে দেয়। লাবণ্যের সঞ্জীবনী স্পর্শ নিষ্প্রাণ নির্মাণ ঠাসা এই নগরে সজীব স্পন্দন জাগিয়ে তোলে। রমনার ওদিকটায় সবুজের সমারোহ খানিকটা নিবিড়। পাতার ফাঁক দিয়ে আসা রোদের টুকরা উদ্যানের ঘাসে ঘাসে কত বিচিত্র আলোছায়ার নকশা এঁকে যায়। কানে আসে পাতার আড়ালে লুকিয়ে থাকা ব্যাকুল কোকিলের গান। শ্রবণে ভাসতে থাকে ‘কুহু কুহু কোয়েলিয়া কুহুরিলো মহুয়া বনে...।’ ঢাকা তো দুরস্ত, সারা দেশেই মহুয়া বন বিলুপ্ত। সেই না থাকা বনের এক অপরূপ ছবি আঁকতে থাকেন হূদয়ের গহিন পটে কোনো এক অচেনা চিত্রকর। জীবনানন্দ বলেছিলেন হূদয়কে জাগাতে হয়। ‘মানুষের হূদয়কে না জাগালে তাকে/ ভোর, পাখি, অথবা বসন্তকাল ব’লে/ আজ তার মানবকে কী ক’রে চেনাতে পারে কেউ।/ চারিদিকে অগণন মেশিন ও মেশিনের দেবতার কাছে? নিজেকে স্বাধীন ব’লে মনে ক’রে নিতে গিয়ে তবু/ মানুষ এখনো বিশৃঙ্খল।’ বসন্ত আসে জাগাতে। কুয়াশার আড়ালে ঢাকা পড়ে ছিল যে সুনীল আকাশ, মৃতকল্প হয়ে উঠেছিল যে শাখা, সেখানে আজ আলোর বন্যা, পুষ্প-পল্লবের বাঁধনহারা উচ্ছ্বাস। কোথা থেকে যেন কি হয়ে গেল। নিসর্গজুড়ে উত্তাপ, সুর, সৌরভের হুলস্থুল। মানুষের প্রাণেও এসে লাগল তার তরঙ্গাভিঘাত। গায়ে পুলক লাগাল দখিনা হাওয়ার ঝাপটা। আলোর রোশনাই, ফুলের শোভায় চোখে ঘনাল ঘোর। প্রাণে খুশির জোয়ার বইয়ে দিয়ে গেল ভ্রমরের গুঞ্জন, কোকিলের কূজন—বসন্ত নিয়ে এভাবেই বলে গেছেন কবিরা। এবারের বসন্ত বোধকরি আরও গভীর এক জাগরণের ডাক দিয়ে গেল বাঙালির অন্তরে। বুকের মধ্যে বহুকাল বন্ধ হয়েছিল এক কপাট। সহসা খুলে গেছে তার অর্গল। কেবলি মেনে নেওয়া, শুধুই এড়িয়ে চলা, নিষ্ঠুর সত্যের সামনে থেকে মুখ ফিরিয়ে রাখাতে অভ্যস্ত হয়ে ওঠা মানুষটিকে বের করে এনেছে গা বাঁচিয়ে চলার নিরাপদ খোলশ থেকে। নবীন পুষ্প-পল্লবে দীপ্ত নিসর্গের মতোই দীপ্র সেই নবীন প্রাণ স্পন্দিত করেছে রাজপথ। সারা দেশের আবালবৃদ্ধবনিতার বুকে মলয় সমীরণের মতোই তারা বইয়ে দিয়েছে সাহসের অনন্ত প্রবাহ। শিমুলের লাল, পাতার সবুজ প্রাণের প্রিয় পতাকা হয়ে দুলছে লক্ষ-কোটি হাতের আন্দোলনে।