শিরশ্ছেদ করেনি পাকিস্তানি সেনারা
পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ভারতের এক জওয়ানের শিরশ্ছেদের অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আজ শনিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাউকে দেওয়া সাক্ষাত্কারে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে তাঁর অবস্থান ব্যক্ত করেন।সাক্ষাত্কারে মোশাররফ বলেন, পাকিস্তানের সঙ্গে সভ্য সম্পর্ক রাখার কোনো চেষ্টাই করেনি ভারত। তিনি বলেন, ‘কোনো সেনার শিরশ্ছেদ করে তার লাশ ফেরত দেওয়া অমার্জনীয় অপরাধ। আমি যত দূর জানি, আমাদের সেনাবাহিনী এ ধরনের কাজ করতে পারে না। কোনো সুশৃঙ্খল সেনাবাহিনীর পক্ষে এ ধরনের কাজ সম্ভব নয়।’পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের যোগসূত্র প্রসঙ্গে দেশটির সাবেক সেনাশাসক বলেন, ‘আমরা পাগল নই। আমাদের উন্মাদ হিসেবে প্রমাণ করার আগে আপনাদের (ভারত) নিষ্ঠুরতা স্বীকার করা উচিত।’ তিনি আরও বলেন, ‘সবকিছু নিয়ে উন্মত্ত হয়ে পড়ার একটা বাতিক ভারতের রাজনীতিবিদ ও গণমাধ্যমের আছে।’