শিরশ্ছেদ: সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট
সৌদি আরবে শিরশ্ছেদের শিকার আট বাংলাদেশির জীবন রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা তদন্ত করে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পররাষ্ট্র্রসচিব ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে এ নির্দেশ দেওয়া হয়।আজ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।গতকাল মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী আবেদনকারী হয়ে রিট আবেদনটি করেন।একই সঙ্গে ওই শ্রমিকদের জীবন রক্ষায় সৌদিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে রাষ্ট্রদূতের বলা হয়েছে।এ ছাড়া আটজনের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি বিদেশে অবস্থারত বাংলাদেশিদের সমস্যায় ও প্রয়োজনে কার্যকর পদক্ষেপ এবং আইনগত সহায়তা প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।চার সপ্তাহের মধ্যে পররাষ্ট্রসচিব, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যবিষয়ক মহাপরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলরকে এর জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, শিরশ্ছেদের ঘটনার শিকার ওই শ্রমিকদের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আলাদাভাবে জানাতে তিনটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পররাষ্ট্রসচিব, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সময় বেঁধে দিয়ে প্রতিবেদন দাখিল করতে আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন।