শিরশ্ছেদের প্রতিবাদে অবস্থান কর্মসূচি হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বাংলাদেশি আটজন নাগরিকের শিরশ্ছেদের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। একই ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সৈয়দ আবুল মকসুদ শিরশ্ছেদ প্রথাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে এ প্রথা বিলুপ্তির দাবি জানান। তিনি দুই ঘণ্টা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতারা তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেন।কর্মসূচির শুরুতে সৈয়দ আবুল মকসুদ বলেন, সৌদি আরবে হতভাগ্য আটজন বাংলাদেশির জীবন রক্ষায় পররাষ্ট্র ও জনশক্তি মন্ত্রণালয় সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি সরকারের ‘কূটনৈতিক ব্যর্থতার’ নিন্দা জানান। তিনি বাংলাদেশি আটজন নাগরিকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একুশ শতকে এসেও প্রকাশ্যে এভাবে শিরশ্ছেদ কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। এটি আদিম বর্বরতার নিকৃষ্ট উদাহরণ।সৈয়দ আবুল মকসুদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। অন্যদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালেকুজ্জামান, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেনসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।বাংলাদেশ মানবাধিকার কমিশন এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ ঘটনার নিন্দা জানিয়ে সরকারকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছে।এদিকে সৌদি আরবে আটজন বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পররাষ্ট্র ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো সমস্যায় কার্যকর সাহায্য ও আইনগত সহায়তা দিতে দূতাবাসগুলোর প্রতি নির্দেশনা চাওয়া হয়।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর কৌঁসুলি মনজিল মোরসেদ।এ ছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ওই ঘটনায় কী কী পদক্ষেপ নিয়েছিলেন, তা জানিয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।রিটে পররাষ্ট্রসচিব, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যবিষয়ক মহাপরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলরকে বিবাদী করা হয়েছে।