শিরশ্ছেদের মাধ্যমে অযৌক্তিক কিছু হয়নি: পররাষ্ট্রসচিব
সম্প্রতি সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদে অযৌক্তিক কিছু হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব এ মন্তব্য করেন। সশস্ত্র ডাকাতি ও হত্যার দায়ে গত ৭ অক্টোবর রিয়াদে স্থানীয় আইন অনুযায়ী প্রকাশ্যে শিরশ্ছেদের মাধ্যমে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিষয়টি নিয়ে দেশ-বিদেশের মানবাধিকারকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।পররাষ্ট্রসচিব এ বিষয়ে বলেন, ‘মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধের জন্যই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশিদের তো আর হত্যা করা হয়নি, বরং এই বাংলাদেশিরাই সৌদি আরবের কয়েকজনকে নিয়ে অন্য দেশের একজন মানুষকে হত্যা করেছেন।’মিজারুল কায়েস আরও বলেন, ‘বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের শাস্তি কার্যকর করা হয়েছে। আমরা আইনের শাসনে বিশ্বাস করলে সৌদি আরবের বিচার মানতে হবে। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এটি না মানার তো কোনো কারণ নেই।’পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো একটি বৈধ দণ্ড।এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন জানি না। আমি তো দেখছি, সেখানে বিচারিক ব্যবস্থার প্রয়োগ হয়েছে।’মিজারুল কায়েস বলেন, ‘মানবাধিকারের বিষয়টি ভিন্ন। সেটি নিয়ে তো আমাদের বক্তব্য আছেই। তবে আমরা তো অন্য একটি দেশের আইনের শাসন কার্যকরের বিরোধিতা করতে পারি না।’এদিকে ভারতের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া ট্রানশিপমেন্টকে তিনি ‘পরীক্ষামূলক’ আখ্যায়িত করে বলেন, ‘চূড়ান্ত কিছু করার আগে পথটির ব্যাপারে আমাদের জানার প্রয়োজন আছে।’নিজের শরীরের সঙ্গে তুলনা!: গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এবং এর প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে সচিব সরাসরি কোনো উত্তর দেননি। এ প্রসঙ্গে তিনি নিজের শরীরের উপমা টানেন। মিজারুল কায়েস বলেন, ‘এখানে যাঁরা আছেন তাঁরা সবাই কিন্তু পররাষ্ট্রসচিবকে ভালোবাসেন এবং সবাই আমার ওজন সম্পর্কে উদ্বিগ্ন। আপনাদের এ জন্য ধন্যবাদ। আমি এ জন্য কী করব, সেটি আমার বিষয়।’