শিরীন শারমিন স্পিকার হচ্ছেন
শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন। আজ সোমবার সংসদ অধিবেশনে স্পিকার পদে নির্বাচন হবে। তার আগে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার পদে সর্বসম্মত মনোনয়ন দেওয়া হতে পারে।গতকাল রোববার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। বৈঠকে স্পিকার নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বৈঠকে স্পিকার নির্বাচন নিয়েই নেতারা বেশি আলোচনা করেন। দায়িত্বশীল সূত্রমতে, স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নেতারা একমত পোষণ করেন। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে আলোচনা করে স্পিকার পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সাংসদ নির্বাচিত হন। এরপর তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ ছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ প্রমুখ।