শিরীন শারমিনকে আ.লীগের সংসদীয় দলের মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সংসদীয় দল শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন দিয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ জাতীয় সংসদে নতুন স্পিকার নির্বাচন হবে।বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, শিরীন শারমিন চৌধুরীকে সর্বসম্মতভাবে স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার দুর্ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্য তুলে ধরেন। পরে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ওই বৈঠকে স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। এই পর্যায়ে তিনি দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্পিকার পদে নাম ঘোষণার আহ্বান জানান।সৈয়দ আশরাফ দলের ভবিষ্যৎ, নতুন নেতৃত্ব এবং নারীর প্রতি মর্যাদার কথা তুলে ধরে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। এ সময় তুমুল করতালি দিয়ে সাংসদেরা তা সমর্থন করেন। পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলিসহ কয়েকজন স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে সমর্থন করে বক্তব্য দেন। বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনয়নের পর বৈঠকের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার পর স্পিকার পদেও নারী আসছেন। এই তিনটি পদে নারী পৃথিবীর আর কোথাও নেই।