শিরোপার স্বাদ পেয়েই গেছে বার্সা, ভাগ্যের দিকে তাকিয়ে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগের শিরোপা জয়ের উত্সবে মেতে ওঠার প্রহর গুনছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাকিয়ে আছে ভাগ্যের দিকে। কারণ, রিয়ালের ভাগ্য আর রিয়ালে হাতে নেই। শিরোপা জয় করতে হলে আজকের ম্যাচে মালাগার বিপক্ষে রিয়ালকে শুধু জিতলেই চলবে না, অন্য ম্যাচে বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হবে দুর্বল ভ্যালাদোলিদের কাছে!আজ বার্সেলোনা ও রিয়ালের দুই প্রতিপক্ষ শক্তির বিচারে একেবারেই নগণ্য। দুই দলই যে আজ জয় পেতে যাচ্ছে, তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রিয়াল মাদ্রিদের বিপত্তিটা এখানেই। ৩৭ ম্যাচ শেষে বার্সেলোনা-রিয়ালের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বার্সেলোনা, রিয়ালের পয়েন্ট ৯৫। দুই দলই যদি আজ জয় পায় বা হারে, তাহলে শিরোপা বার্সেলোনার। দুই দল ড্র করলেও তাই। একমাত্র বার্সেলোনার হার বা নিদেনপক্ষে একটি ড্র-ই খুলে দিতে পারে রিয়াল মাদ্রিদের ভাগ্য। সে ক্ষেত্রে শিরোপা যাবে সান্টিয়াগো বার্নাব্যুতে। তাই নিজেদের ম্যাচের চেয়েও রিয়ালের সব দৃষ্টি আজ বার্সেলোনা-ভ্যালাদোলিদ ম্যাচের দিকে। তবে ভ্যালাদোলিদের মতো একটি দল এই মৌসুমে অতিমানবীয় ফর্মে থাকা বার্সাকে হারাবে, এমন প্রত্যাশা একটু বাড়াবাড়িই হয়ে যায়।রিয়ালের গোলরক্ষক ইগার ক্যাসিয়াস অবশ্য নিজেদের ম্যাচ নিয়ে ভাবতেই সতীর্থদের পরামর্শ দিয়েছেন। ফক্সস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্যাসিয়াস বলেছেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। আমাদের লক্ষ্য আগে মালাগাকে হারানো। তারপর বার্সেলোনাকে নিয়ে ভাবা যাবে।’পরিস্থিতি বিবেচনা করে ক্যাসিয়াস যেন ধরেই নিয়েছেন, শিরোপা রিয়ালের ঘরে যাচ্ছে না। তাঁর কণ্ঠে ঝরে পড়েছে বার্সেলোনার প্রতি এক ধরনের সম্মান। তিনি বলেছেন, ‘৯৮ পয়েন্ট পেয়েও আমরা যদি শিরোপা না জিতি, তাহলে সব কৃতিত্ব বার্সারই। তবে এই মৌসুমে রিয়াল গর্ব করার মতোই পারফরম্যান্স করেছে।’