শিল-নোড়ার ঠোকাঠুকি মরিচের জীবন শেষ!
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আর সদস্যদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ চলছে। চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউপি সদস্য ও এলাকাবাসী গত ৩০ মে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছে। এ কারণে ইউনিয়নটির জন্য বরাদ্দকৃত এডিপি, এলজিএসপি রাজস্ব খাতে সাত লাখ ৩১ হাজার ৩০০ টাকার ও টিআর কাবিখা ৭১ মেট্রিক টন গমের প্রকল্পের কাজ বাস্তবায়ন করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নটির চেয়ারম্যান কুমারেশ রায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি খালি হয়ে যায়। এ পদ পেতে ওই ইউনিয়নের ইউপি সদস্য সেকেন্দার আলী ও সাইফুল ইসলাম মরিয়া হয়ে ওঠেন। তাঁরা দুজনেই চেয়ারম্যান প্রার্থী হন। পরে ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে সেকেন্দার আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর ইউনিয়নটির জন্য এডিপি দুই লাখ ৪৮ হাজার ৯০০, এলজিএসপি চার লাখ ৩২ হাজার ৪০০, রাজস্ব ৫০ হাজার টাকা ও টিআর ৪৫ মেট্রিক টন ও কাবিখার ২৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা এই গম ও টাকার প্রকল্প গ্রহণ নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যরে মধ্যে বিরোধ দেখা দেয়।ইউপি সদস্য আফজাল হোসেন, মমতাজ আলী, মনিরুজ্জামান, আবু বক্কর সিদ্দিক জানান, গত ৬ মে পরিষদে কোনো সভা না হলেও চেয়ারম্যান ওই তারিখে সভা দেখিয়ে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে ভুয়া অনুলিপি স্বাক্ষরিত রেজ্যুলেশন তৈরি করে চলতি বছরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে সীমানাপ্রাচীর নির্মাণের নামে এডিপির ৬৫ হাজার ও ৩৮ হাজার ৩৩৩ টাকার দুটি প্রকল্প, ইউনিয়নের গরিব মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত রিং, স্লাব সরবরাহকরণ ৩৫ হাজার ৬০০ টাকার আরেকটি প্রকল্প এবং ইউনিয়ন পরিষদের গেট নির্মাণের নামে রাজস্ব খাতের ৪৬ হাজার টাকার একটি প্রকল্প, ডাঙ্গীরহাট ক্যানেলের ওপর স্লাব নির্মাণে এলজিএসপির ৭৫ হাজার টাকার প্রকল্প চেয়ারম্যান নিজের নামে নেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ করা হয়েছে। একই কথা জানান ইউপি সদস্য রাশেদা খাতুন ও শাহ আলম। তাঁরা বলেন, ‘চেয়ারম্যান সভা না করেও তাদের কাছে রেজ্যুলেশন খাতায় স্বাক্ষর চান। না দিলে খারাপ আচরণ করে। প্রতিটি প্রকল্প দেওয়ার সময়ও ঘুষ নেন।’ ইউপি সদস্য মল্লিকা খাতুন বলেন, ‘ভাই, টাকা-পয়সা ছাড়া চেয়ারম্যান কিছুই বোঝেন না। সাড়ে সাত মেট্রিক টন চালের প্রকল্প দিতে আমার কাছ থেকে ১৪ হাজার টাকা ঘুষ নিয়েছেন।’ আর এক ইউপি সদস্য মোস্তফা বলেন, ‘শুধু চেয়ারম্যানের দোষ দিলে চলবে না। আমাদের মতো মেম্বাররাও দুর্নীতি করে, এ কথাটা না বুঝে কয়েকজন ইউপি সদস্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার জন্যই দলবাজি শুরু করেছেন।’চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘আমি কোনো ভুয়া রেজ্যুলেশন তৈরি করিনি বা কারও কাছে প্রকল্প দিতে কোনো টাকা নিইনি। নিজের স্বার্থ হাসিল না হওয়ায় কয়েকজন দুর্নীতিবাজ ইউপি সদস্য আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। তাঁরা নিজেরাই বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ করা চাল, গম ও টাকা আত্মসাৎ করে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এর আগে আমার বিরুদ্ধে করা তাঁদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ছয় মাস আগে এঁরাই আমার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনে হেরে গেছেন। এখন এলাকায় উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য তাঁরা ষড়যন্ত্র শুরু করেছেন। লোক ভাড়া করে তাঁরা আমার বিরুদ্ধে মিছিল করে মিথ্যা অভিযোগ দিয়েছেন। এ অভিযোগ আবার প্রত্যাহার করে নেওয়ার জন্য ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক আমার কাছে দুই লাখ টাকা দাবি করেছেন, যা আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে। আফজাল হোসেন নামে ইউপি সদস্যের বিরুদ্ধে তো এলাকার জনগণ বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, ভিজিএফ, ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ আমাকে ও নির্বাহী কর্মকর্তাকে করেছেন। নামেমাত্র প্রকল্পের কাজ করে ইউপি সদস্য মল্লিকা খাতুন সাড়ে সাত টন চাল আত্মসাৎ করে এখন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন। অন্য অভিযোগকারী ইউপি সদস্যদের অনিয়ম করতে না দেওয়ায় তাঁরা সবাই মিলে আমার সুনাম নষ্ট করতে এসব করছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ আমি পেয়েছি। ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। দুই পক্ষকে সমঝোতায় বসে বরাদ্দ করা টিআর অথবা কাবিখা এডিপি, এলজিএসপি রাজস্ব খাতের টাকার কাজ করতে বলেছি।’