শিলালিপি সামান্যতম আনন্দদানের দুঃসাহস নিয়েই মুদ্রিত
মানব সভ্যতার ইতিহাসে সাহিত্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সাহিত্যকে বাদ দিয়ে কোন জাতির ইতিহাস রচিত হয়েছে— এমন নজির বিরল। বিশেষতঃ জাতির সভ্যতার ইতিহাস সাহিত্যেরই ক্রমোন্নতির ইতিহাস।ফুলের সৌরভ, প্রকৃতির সৌন্দর্য আর রূপ বর্ণনার সাহিত্যকে বাদ দিয়ে যেদিন মানুষ নিজের মর্ম বেদনা, সূক্ষ্ম বিবেক দংশন, বিচিত্র অনুভূতি আর বেদনার কাহিনী নিয়ে প্রথম সাহিত্য রচনায় ব্রতী হল—বলতে গেলে সাহিত্যে প্রাণ সঞ্চারের ক্রান্তিলগ্ন সেদিন থেকেই।আজকের লুনা কিংবা এ্যাপোলোর সমানব চন্দ্রে গমনের বাস্তবতার যুগে মানুষের দৃষ্টিপাত হচ্ছে ভিন্নতর। চাঁদকে প্রেয়সীর কাছে সংবাদ প্রেরণের দূত কিংবা দুঃখ রাত্রির সঙ্গিনী হিসাবে কল্পনা করতে আজকের যান্ত্রিক যুগের প্লাষ্টিক হূদয়ের মানুষ আদৌ রাজি নয়। রূপালী চাঁদ আজ ‘ঝলসানো রুটি’ কিংবা গ্রহান্তরে গমনের একটি ‘হল্টিং স্টেশন’ মাত্র।এদিকে বিরাটকায় সাহিত্য সংকলন অপেক্ষা টেলিভিশনে চন্দ্রাবতরণ দর্শন বেশী উপভোগ্য এবং অনায়াস জ্ঞানার্জনের উপায়।কিন্তু পাঠক যে আদৌ নেই তা স্বীকার করতে আপত্তি আছে যথেষ্ট। সহস্রাধিক স্বর্ণ-মুদ্রা ব্যয় অপেক্ষা কিঞ্চিত মুদ্রা খরচে দীর্ঘকাল সংরক্ষণের উপযোগী সাহিত্য সংকলন সর্বসমক্ষে পেশ করার তাই এ দুঃসাহস অনেককে আশান্বিত করলে বাধিত হবো, নিশ্চয়ই।সমস্যা যেখানে প্রচুর—হূদয় যেখানে প্লাষ্টিকের তৈরী এবং হূদয়স্পন্দন যেখানে ব্যাটারী শেলের কারসাজি সেখানে কারো কারো সহানুভূতি এবং অকৃত্রিম হূদয়তা আয়াসহীন মুগ্ধতা আনতে সক্ষম।...বাংলা সাহিত্যের ক্রমোন্নতির ইতিহাসে ‘শিলালিপি’ কোন সফল সংযোজন একথা দাবী করা মূর্খতা নিঃসন্দেহে। তবুও, শিলালিপি আপনাদের নিছক সামান্যতম আনন্দ দানের দুঃসাহস নিয়েই মুদ্রিত। আশা করি সংকলনটি আপনাদের ভাল লাগবে।[সূত্র: শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন স্মারকগ্রন্থ]