শিলু আবেদ কারুশিল্প পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের প্রবীণ কারুশিল্পী সুবোধ চন্দ্র সরকারকে কাগজকাটা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ‘শিলু আবেদ কারুশিল্প পুরস্কার’ দেওয়া হয়েছে। কাগজকাটা শিল্পের ধারা অব্যাহত রাখতে প্রশংসিত হন আরও নয়জন শিল্পী।গতকাল সোমবার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টারে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পীর হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও এক লাখ টাকার চেক এবং অপর নয়জন শিল্পীর হাতে প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠান শেষে তিনি কাগজকাটা শিল্পবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন।অনুষ্ঠানে শিলু আবেদের কর্মজীবন নিয়ে বক্তব্য দেন আয়েশা-আবেদ ফাউন্ডেশনের কর্মসূচি-প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম। শিলু আবেদকে নিয়ে স্মৃতিচারণা করেন বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ। কাগজকাটা শিল্পের ওপর তৈরি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন চন্দ্রশেখর সাহা। সূচনা বক্তব্য দেন কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান।প্রশংসাপত্র পাওয়া নয়জন কারুশিল্পী হলেন: হবিগঞ্জের আমির হোসেন, পাবনার রাশীদুল হক ও আছমা খাতুন, যশোরের আদিত্য কুমার দে, কুড়িগ্রামের খালেদা আক্তার ও সাজেদা বেগম, সিলেটের দেবেন্দ্র কুমার সিংহ এবং রূপগঞ্জের নূর নবী ও হাবিবুর রহমান।