শিল্প কারখানা টিকলে শ্রমিক বাঁচবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্প কল-কারখানা টিকে থাকলে শ্রমিক বাঁচবে, দেশ বাঁচবে, দেশের উন্নতি হবে। শ্রমিকের ভাগ্য বদলের জন্য সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি জানান। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, লোকসানের অজুহাতে শিল্প কারখানা বন্ধ করে দেওয়ার নীতিতে বর্তমান সরকার বিশ্বাস করে না। তিনি বলেন, লোকসানি কল-কারখানাকে কীভাবে লাভজনক করা যায়, সেটিই সরকারের লক্ষ্য।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার শিশুশ্রম নীতি ২০১০ প্রণয়ন করেছে। ঝুঁকিপূর্ণসহ সব ধরনের শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার মালিক ও শ্রমিকদের যৌথ প্রচেষ্টায় তৈরি পোশাকশিল্প থেকে শিশুশ্রম বন্ধ করতে পেরেছে। পোশাকশ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ করা হয়েছে। পোশাকশ্রমিকদের মজুরি এক হাজার ৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।শেখ হাসিনা বলেন, লিবিয়া-ফেরত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁদেরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁদের গন্তব্যস্থলে পৌঁছানো এবং চিকিত্সার ব্যবস্থা সরকার করেছে।ট্রেড ইউনিয়নের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিচক্ষণতার সঙ্গে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি মূল্যায়ন করে আপনারা পদক্ষেপ নেবেন।’