ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
শিল্প-কারখানা স্থাপনে সহায়তার আশ্বাস
রপ্তানি বাড়াতে উত্পাদনে বৈচিত্র্য (রপ্তানি বহুমুখীকরণ) আনতে দেশের শিল্পপতি ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নতুন শিল্প-কারখানা স্থাপন ও বাণিজ্যের প্রসারে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১০ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতেই সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দারিদ্র্য, ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল দেশ গড়তে বেশি বেশি শিল্প-কারখানা স্থাপনে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিকাশে সব ধরনের পদক্ষেপ নিতে সরকার অঙ্গীকারবদ্ধ।প্রধানমন্ত্রী বলেন, কম দামে পণ্য উত্পাদনের সুযোগ থাকা সত্ত্বেও দেশের রপ্তানি গুটিকয়েক পণ্যের মধ্যেই আটকে আছে। রপ্তানি বাড়াতে তিনি বিভিন্ন ধরনের পণ্য উত্পাদনে এগিয়ে আসার জন্য শিল্পপতি ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আন্তর্জাতিক বাজার দখলে স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব এবং সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য উত্পাদন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। আর কর্মসংস্থান সৃষ্টি করতে শিল্প-কারখানা বাড়ানোর বিকল্প নেই। শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি, শিল্প-কারখানা স্থাপনে সরকার আপনাদের সম্ভব সব রকমের সহায়তা দেবে।’ বর্তমান বিশ্বায়নের যুগে সরকার নিজে কোনো শিল্প-কারখানা স্থাপন করে না, কেবল সহায়কের ভূমিকা পালন করে থাকে। এ লক্ষ্যে এরই মধ্যে শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব শিল্পনীতি ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন কল-কারখানার বিরাজমান সমস্যা সম্পর্কে সরকার অবগত আছে বলেও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশে শিল্পায়নে প্রধান বাধা বিদ্যুত্ সমস্যা। তিনি অভিযোগ করেন, জোট আমলে দুর্নীতির কারণে অনেক বিদ্যুেকন্দ্র বন্ধ হয়ে গেছে। তারা এক মেগাওয়াট বিদ্যুত্ও জাতীয় গ্রিডে যোগ করতে পারেনি। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বিদ্যুত্ উত্পাদনের প্রধান উপাদান গ্যাস বা কয়লা উত্তোলনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই সময়ও জাতীয় গ্রিডে কোনো বিদ্যুত্ যুক্ত হয়নি। এ সময় তিনি বিদ্যুত্ উত্পাদনে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, এরই মধ্যে ৭২৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুেকন্দ্র চালু হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জুন মাস নাগাদ ৯১৭ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্র চালু হবে। এ ছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ভারত থেকে বিদ্যুত্ কেনার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সফলভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবিলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এটা ছিল বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও ২০০৮-০৯ অর্থবছরে ১০ দশমিক ৩১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধিসহ রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০০৯-১০ অর্থবছরে দেশের রপ্তানি আয় ১৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা সম্ভব হবে। এ সাফল্যের জন্য বেসরকারি খাতের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।পরে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে যান এবং আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোস্তফা মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ বক্তব্য দেন।এবারের মেলায় ১০টি দেশ অংশগ্রহণ করছে। এতে দেশি-বিদেশি ৪৭৬টি স্টল ও ২৮টি প্যাভিলিয়ন রয়েছে। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।