শিল্প পুলিশের দায়িত্ব উদ্যোক্তাদের নেওয়া উচিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাঞ্চলের পুলিশদের কার্যালয়, থাকাসহ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব শিল্প উদ্যোক্তাদের নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। যেহেতু শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে শিল্প পুলিশ গঠন করা হয়েছে, তাই তাঁদেরই এদের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন প্রতিমন্ত্রী।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএর নবনির্বাচিত প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এ সময় বিজিএমইএর নেতারা জানান, কিছু কিছু জায়গায় শিল্পাঞ্চল পুলিশদের জন্য কার্যালয় আর থাকার ব্যবস্থা করে দেওয়ায় অসুবিধা হচ্ছে। এর জন্য সরকার তাদের জমি ও অবকাঠামো সুবিধা দিলে শিল্প উদ্যোক্তারা শিল্পাঞ্চল পুলিশদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত।প্রতিমন্ত্রী এ ব্যাপারে বলেন, সরকারি জমি অধিগ্রহণে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এ ছাড়া অনেক সময়ও লেগে যায়। প্রতিমন্ত্রী শিল্পাঞ্চল পুলিশদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে শিল্প উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভেবে দেখবে বলে জানান।বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম বৈঠকে বলেন, বিভিন্ন এলাকায় পোশাকশিল্প কারখানা থেকে কাভার্ড ভ্যান চুরি, ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স পাওয়া, নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া তিনি আশুলিয়া, কোণাবাড়ি ও নারায়ণগঞ্জে দমকল বাহিনীর কার্যালয় স্থাপনের সুপারিশ করেন।