অনুমোদনের অপেক্ষায় পাঁচ বছর মেয়াদি নতুন শিল্পনীতি
শিল্প স্থাপনে উর্বর কৃষিজমি ব্যবহার করা যাবে না
শিল্প স্থাপনে উর্বর কৃষিজমি ব্যবহার করা যাবে না। যেসব জমিতে খুব বেশি ফসল হয় না, প্রান্তিক কৃষিজমি হিসেবে পরিচিত অনুত্পাদনশীল ও অনুর্বর জমিতেই শিল্প স্থাপন করতে হবে। তবে কৃষিজমিতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন অপরিহার্য হলে সে ক্ষেত্রে একফসলি জমি এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আগের পরিত্যক্ত শিল্প এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় প্রণীতব্য ভূমি ব্যবহার নীতিমালা এবং আন্তর্জাতিক পরিবেশগত নীতিমালা অনুসরণ করতে হবে। এসব শর্ত জুড়ে দিয়ে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি শিল্পনীতি-২০১০ চূড়ান্ত করা হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত নীতিটি এখন মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায়। নতুন শিল্পনীতিতে অকৃষিজমি বা উঁচু ভূমিতে শিল্প প্রতিষ্ঠা করার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। নিরুত্সাহিত করা হয়েছে উর্বর কৃষিজমি ও শহর এলাকায় শিল্প স্থাপনের ব্যাপারে। আরও বলা হয়েছে, প্রাকৃতিক জলাশয়, খাল বা নদী ভরাট করেও শিল্প স্থাপন করা যাবে না। এ ছাড়া পাহাড় বা টিলা কাটা যাবে না এবং শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে ব্যবহার করা যাবে না গবাদিপশুর জন্য সংরক্ষিত চারণভূমিও।দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে এলাকা অনুযায়ী সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা গুচ্ছ (প্যাকেজ) রাখা হচ্ছে প্রস্তাবিত শিল্পনীতিতে। দেশের সবচেয়ে পশ্চাত্পদ ও অনুন্নত উত্তরাঞ্চলের জেলা অর্থাৎ বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাজশাহী এলাকায় শিল্প স্থাপনে অবকাঠামোগত সুবিধা সৃষ্টিসহ প্রণোদনার ব্যবস্থা করা হবে। এসব এলাকায় স্থাপন করা হবে অর্থনৈতিক অঞ্চল। এদিকে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের আওতায় কর অবকাশের সুবিধাপ্রাপ্ত শিল্পের তালিকা ভবিষ্যতে সম্প্রসারণ বা হালনাগাদ করার কথা বলা হয়েছে শিল্পনীতিতে। এ অনুযায়ী, এলাকাভেদে বিদ্যমান কর অবকাশ সুবিধা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম দুই বছর আয়ের ১০০ শতাংশ, পরবর্তী দুই বছর ৫০ শতাংশ, পঞ্চম বা শেষ বছর ২৫ শতাংশ কর অবকাশ সুবিধা রয়েছে। রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগ এবং তিন পার্বত্য জেলায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সাত বছর মেয়াদি কর অবকাশের মধ্যে প্রথম তিন বছরের কর অবকাশের হার ১০০ শতাংশ, পরবর্তী তিন বছর ৫০ শতাংশ ও সপ্তম বা শেষ বছরের জন্য রয়েছে ২৫ শতাংশ।খসড়া শিল্পনীতিতে রুগ্ণশিল্পের অভিশাপ থেকে দেশকে পরিত্রাণ দেওয়ার ঘোষণা ও অঙ্গীকার করা হয়েছে। এ জন্য প্রণয়ন করা হবে রুগ্ণশিল্প আইন। এতে যেসব রুগ্ণশিল্প পুনরায় চালু করার সুযোগ বা সম্ভাবনা নেই, সেগুলো শনাক্ত করা হবে। ১৫ বছর ধরে যে শিল্প রুগ্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে শিল্প খাত থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।শিল্প স্থাপনে উর্বর কৃষিজমি ব্যবহার করতে না দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট থাকলেও শিল্প স্থাপনের জন্য জমি নেই—এ কথাটি ঠিক নয়। বিসিকের বহু পতিত জায়গা রয়েছে। মাটির গুণাগুণ নেই বলে ফসল ভালো হয় না—এমন জমিও দেশে প্রচুর। সুতরাং উর্বর জমিতে শিল্প স্থাপন করতে হবে—এমন কোনো কথা নেই।’ শিল্পে উন্নত ও অনুন্নত এলাকা: খসড়া শিল্পনীতিতে শিল্পোন্নত এলাকা হিসেবে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বগুড়াকে চিহ্নিত করা হয়েছে। আর অনুন্নত এলাকা হলো রাজশাহী বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা; খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট; বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। আরও অনুন্নত এলাকা হচ্ছে, ঢাকা বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ; চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।