অর্থ ফেরত দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক
শিল্পঋণের টাকা শেয়ারবাজারে খাটিয়েছে আনলিমা ইয়ার্ন
শিল্পের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকায় শেয়ার কিনেছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্নের চেয়ারম্যান মাহমুদুল হক। তিনি একই সঙ্গে বেসরকারি যমুনা ব্যাংকের পরিচালক।দেশের ফুলে-ফেঁপে ওঠা শেয়ারবাজারের ফাটকা খেলায় শিল্পের জন্য ঋণ নেওয়া ব্যাংকের টাকা বিনিয়োগ হচ্ছে—এমন তথ্য বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে ব্যাংক থেকে শিল্পের জন্য ঋণ নিয়ে সেই অর্থ শেয়ারবাজারে খাটানোর কিছু তথ্য মেলে। কয়েকটি কোম্পানির ক্ষেত্রে এমন অভিযোগ ব্যাংকব্যবস্থা ও পুঁজিবাজার সূত্রে যাচাইও করা হয়। পরে এ তথ্য ধরে কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন চালায় সুনির্দিষ্ট কোম্পানির ব্যাংক হিসাবগুলোতে। প্রমাণ মেলে, আনলিমা ইয়ার্নের ঋণের টাকা শেয়ারে বিনিয়োগ হয়েছে।প্রসঙ্গত, ঋণ ও শেয়ারবাজার দুটি ভিন্ন বাজার। ব্যাংকব্যবস্থা ঋণবাজারের অংশ। আর শেয়ারবাজার বা ‘ইকুইটি’ বাজার হচ্ছে মালিকানার অংশ। শিল্পপুঁজির জোগান দিতেই শেয়ারবাজারের জন্ম হয়েছে। আমাদের মতো দেশে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে শিল্প গড়ে তোলা কষ্টকর বলে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের ঋণ নেন ব্যবসায়ী সমাজ। কিন্তু এখন উল্টো ঘটনা ঘটছে। রাতারাতি অতিমুনাফার আশায় ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারে ব্যাংকঋণের টাকা খাটাচ্ছেন কোনো কোনো কোম্পানির উদ্যোক্তা। শুধু আনলিমা নয়, জানা যায়, এমন আরও কিছু শিল্পের মালিকেরা ব্যাংক থেকে শিল্পের নামে ঋণ নিয়ে সেই টাকা এখন পুঁজিবাজারে খাটাচ্ছেন।জানা গেছে, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় আনলিমা ইয়ার্নের (প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে) ৪৮ কোটি টাকার মেয়াদিসহ বিভিন্ন ধরনের ঋণ রয়েছে। আনলিমার তিন কোটি ১৮ লাখ টাকার একটি সিসি (ক্যাশ ক্রেডিট বা নগদ অর্থ) ঋণ পরিশোধ করে তার বিপরীতে কিছুদিন আগে সাড়ে তিন কোটি টাকা ঋণ নেন মাহমুদুল হক। এই টাকা সরাসরি খাটানো হয় শেয়ারবাজারে। টাকা জমা হয় স্ট্যান্ডার্ড ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে খোলা শেয়ারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে (বিও অ্যাকাউন্ট)। পরে সেই টাকায় কেনা হয় শেয়ার।বাংলাদেশ ব্যাংক তাদের পরিদর্শনে এসব তথ্যের প্রমাণ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই মাহমুদুল হকের কাছ থেকে এই ঋণ সমন্বয় করতে বা ফেরত আনতে (রিকল) সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ঋণ-প্রক্রিয়াতে জড়িত সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। আর মাহমুদুল হককে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশও দিয়ে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।মাহমুদুল হক দেশে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। অন্যদিকে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক কামরুজ্জামান চৌধুরী গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এ জাতীয় কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের শাখাতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এসেছিল, কিন্তু তাদের উদ্ঘাটিত কোনো তথ্য আমাকে জানানো হয়নি।’ তবে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এদিকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে ব্যাংকের দুটি ঝুঁকি ব্যবস্থাপনা-সম্পর্কিত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নীতিমালা অনুসরণে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, ‘ঋণ আবেদনপত্রে ঋণের উদ্দেশ্য উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যাংকের মঞ্জুর করা এবং দেওয়া ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব।’বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক থেকে গ্রাহকেরা যে উদ্দেশ্যে ঋণ নিচ্ছেন, সে খাতে ঋণ ব্যবহার না করে অন্যত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোর ঋণ তদারকব্যবস্থা দুর্বল থাকায় গ্রাহকের নেওয়া ঋণ যথাযথ খাতে, বিশেষত উৎপাদনশীল খাতে না গিয়ে অনুৎপাদনশীল খাতে ব্যবহূত হচ্ছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। নিয়মিত ঋণ তদারক অব্যাহত রেখে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকঋণ বা বিনিয়োগ নির্দিষ্ট খাতে ব্যবহারের পরামর্শ দিয়েছে।শিল্পঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ শঙ্কা প্রকাশ করে বলেন, এটা আর্থিক খাতের সাধারণ নীতির পরিপন্থী। তিনি কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) এ বিষয়ে যৌথ ও শক্ত পদক্ষেপ নিতে পরামর্শ দেন।সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ঋণবাজারের টাকা হচ্ছে জনগণের আমানত। আর শেয়ারবাজার হচ্ছে ভিন্ন বাজার। এ দুইয়ের মধ্যে অবশ্যই একটা নিরাপত্তাবেষ্টনী থাকতে হবে। তা না হলে সামগ্রিক আর্থিক খাতে সমস্যা দেখা দেবে।’ তিনি এ ঘটনার দায় সংশ্লিষ্ট ব্যাংকের বলে মত প্রকাশ করেন।