শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসব
বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে আট দিনব্যাপী বিজয় উৎসব। আজ থেকে শুরু হচ্ছে পুরো উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে এবং জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে চলবে উৎসবের অনুষ্ঠানগুলো। উন্মুক্ত মঞ্চে হবে গান, আবৃত্তি ও পথনাটকের প্রদর্শনী। আর মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক ও নৃত্যনাট্যের প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালার সব কটি হলে। উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায় ও জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসবের সব অনুষ্ঠানই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে, উৎসবে থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে, লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) মুজিব মানে মুক্তি, থিয়েটারের সাত ঘাটের কানাকড়ি, মহাকালের ঘুম নেই, থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায়, নাগরিক নাট্যাঙ্গনের সেইসব দিনগুলো ও আমি বীরাঙ্গনা বলছি, নাট্যধারার বীরাঙ্গনার সাক্ষাৎকার, শব্দের রাইফেল, ঐকিক থিয়েটারের ঠিকানা, উত্তরাধিকারের মৃত্যুপাখি, দেশ অপেরার স্বাধীন সুলতান ইলিয়াস শাহ, স্বপ্নদলের স্বাধীনতা সংগ্রাম, ড্রামা ডটকমের জানালায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মুক্তি মুক্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘আর মাত্র এক দশক পরই বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে সারা দেশ। এই ব্যাপারটা মাথায় রেখে কাঙ্ক্ষিত স্বপ্নে স্বদেশ নির্মাণের লক্ষ্যে আমরা এবারের বিজয় উৎসব সাজিয়েছি।’