শিল্পকলা একাডেমীতে ‘দিনগুলো কেমন ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যতিক্রমী পরিবেশন। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণজুড়ে মঞ্চ। আলাদা করে কোনো কিছু সাজানো হয়নি। পরিবেশ যেভাবে ছিল, ঠিক সেভাবেই নাটকটি পরিবেশিত হয়েছে। দেখানো হয়েছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ। মুগ্ধ হলো দর্শক।‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিবেশিত হয়েছে বিশেষ নাটক দিনগুলো কেমন ছিল। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।পরিবেশ থিয়েটারের আদলে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। থিয়েটারে সাধারণত মঞ্চে সেট, লাইট, প্রপ্স্ ইত্যাদির মাধ্যমে গল্প বা কাহিনি অনুযায়ী পরিবেশ সৃষ্টি করে নেওয়া হয়। কিন্তু পরিবেশ থিয়েটারে যে পরিবেশে যেটি যেভাবে আছে, ঠিক সেভাবে রেখেই গল্প বা কাহিনি সাজানো হয়ে থাকে। গাছপালায় ঘেরা একাডেমী প্রাঙ্গণের অগোছালো পরিত্যক্ত এই স্থানটি ঠিক যেমন ছিল, তেমন রেখেই পরিবেশন করা হয়েছে নাটকটি।নাটকের প্রেক্ষাপট শুরু হয়েছে ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে। ঘটনার স্থান মুক্তিযুদ্ধকালীন সীমান্তসংলগ্ন একটি জনপদ, যেটি পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের স্থানীয় সহযোগী জানে আলম খাঁ ও আতিকুল্লদের অত্যাচারে ও তাণ্ডবে বিধ্বস্ত। জানে আলম খাঁ ক্ষমতা ও পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়। তার শিকড় বিস্তৃত ইসলামাবাদ, করাচি, লাহোর ও ঢাকা থেকে দেশের বিশাল জনপদের প্রান্তিক কোনো গ্রাম পর্যন্ত। নাটকের একপর্যায়ে দেখা যায়, শক্তিশালী একটি গেরিলা বাহিনীর নারী ও পুরুষ যোদ্ধারা একসময় খাঁ ও তার সহযোগীদের মুখোমুখি হয়। এ এক বৈষম্যের বিরুদ্ধে লড়াই; নিজের ভূমি উদ্ধার, অতঃপর অর্থনৈতিক স্বাধীকার আদায়ের লড়াই। রাজাকারদের নির্মম অত্যাচার, বিবাহিত নারী পরীর বিপ্লবগাথা ও যুদ্ধকালীন লড়াইকে ঘিরে বিধৃত হয়েছে এই নাটক। গল্পের টুকরো টুকরো ঘটনা সমন্বিত হয়ে চরিত্রগুলো বিস্তৃতি লাভ করে, অতঃপর পরিণতির দিকে ধাবিত হয়।বৈশাখী নাট্যমেলায় নাটমণ্ডলে ‘ভেলুয়া’শাপলা বন্দরের মানিক সওদাগরের পুত্র আমির সওদাগর এক ফাগুন মাসের দখিনা হাওয়ায় শিকার করতে দরিয়ায় ভাসায় কালধর ডিঙ্গা। এই জলযাত্রাপথে এক জঙ্গলে নোঙর ফেলে সে। মানুষের ভাষায় পারদর্শী আচানক কবুতর হিরনীর চমৎকারিত্বে লুব্ধ হয় আমির। তারপর তিরবিদ্ধ করে তাকে। তর তর করে এগিয়ে চলে নাট্যকাহিনি।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বৈশাখী নাট্যমেলায় পরিবেশিত এই নাটকের নাম ভেলুয়া। নাট্যমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। কলা অনুষদের ডিন সদরুল আমিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বৈশাখী নাট্যমেলার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনীত পূর্ববঙ্গ গীতিকা আশ্রয়ী পালা ভেলুয়া পরিবেশিত হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান। নাটমণ্ডল মিলনায়তনে ভেলুয়া চলবে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ২০ এপ্রিল পর্যন্ত।চলচ্চিত্রে রোকেয়া সাখাওয়াৎ হোসেনবেঙ্গল ফাউন্ডেশনে গতকাল মঙ্গলবার মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সেন্টার নিবেদিত রোকেয়া সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল, ওয়ান হানড্রেড ইয়ার্স আফটার শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্রের এক প্রদর্শনীর আয়োজন করা হয়। চলচ্চিত্রের পরিকল্পনা, প্রযোজনা ও ধারাবর্ণনা করেছেন ইকবাল বাহার চৌধুরী। ভিডিওগ্রাফি ও পরিচালনা করেছেন সমীর কুশারী। লোকনাট্য উৎসববাংলাদেশ শিল্পকলা একাডেমী ২০ থেকে ২৪ এপ্রিল একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে ‘লোকনাট্য উৎসব ২০১২’ আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী দিনে লোকনাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য পাঁচজন লোকনাট্যশিল্পীকে সম্মাননা দেওয়া হবে।কমলগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে শাপলা সবুজ সংঘ তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার তৃতীয় দিন সোমবার রাতে শহীদনগর বাজারে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পল্লিগীতি, দেশের গান, ভাটিয়ালি ও বাউল গান উপস্থিত দর্শককে মুগ্ধ করে।‘তিন শিকারের কেচ্ছা’গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুটিবাড়ী উন্মুক্ত মঞ্চে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাটক তিন শিকারের কেচ্ছা। গোবিন্দগঞ্জ অগ্নিবীণা সংগীত নিকেতন এ নাটকের আয়োজন করে। এটি গোবিন্দগঞ্জ থিয়েটারের ৫০তম প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মমতা চাকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনোয়ার হোসেন, সুজন রাজভর, প্রমুখ।