রাজধানীর উত্তর বাড্ডায় গত রোববার গভীর রাতে শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক নজরুল হককে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী সেলিনা হক ও ভাগনে এনামুল হককেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত সেলিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত নজরুল হকের পরিবার ও বাড্ডা থানার পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী কামাল হোসেন সরকারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।উত্তর বাড্ডার পূর্বাচল সড়কের ১০ নম্বর লেনের দোতলা বাড়িটি নজরুল হকের। তিনি স্ত্রীকে নিয়ে দোতলায় থাকতেন। একমাত্র সন্তান মেয়ে ফারহানা হক থাকেন রামপুরায় শ্বশুরবাড়িতে। এনামুল সাত-আট মাস ধরে মামা-মামির সঙ্গে থাকছেন।পুলিশ ও নজরুলের পরিবার জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে ধারালো অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত নজরুল হকের বাসায় ঢুকে তাঁকে, তাঁর স্ত্রী ও ভাগনেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় এনামুল দরজা দিয়ে বের হয়ে নিচে লাফিয়ে পড়েন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার ও আর্তনাদ শুনে আশপাশের লোকজন বাসায় আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নজরুল ও সেলিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। এনামুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মাথায় আঘাত পেয়ে আমি জেগে উঠি। ঘরের বাতি এ সময় নেভানো ছিল। কিছু বুঝে ওঠার আগেই আমার শরীরে কোপ পড়তে থাকে। দুর্বৃত্তরা চলে গেলে লোকজন এসে বাতি জ্বালালে দেখি, পাশে আমার স্বামীর রক্তাক্ত দেহ পড়ে আছে।’ তিনি বলেন, বাড়িসংলগ্ন কয়েক কাঠা জমির কিছু অংশের মালিকানা নিয়ে স্থানীয় কামাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিবাদ চলছে। কামাল তাঁদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। সম্প্রতি হুমকির মাত্রা বেড়ে যায়। তিনি অভিযোগ করেন, কামালই এ ঘটনা ঘটিয়েছেন।সেলিনা বলেন, রাতে বাড়ির দুটি ফটকে তালা থাকে। কীভাবে দুর্বৃত্তরা বাসায় ঢুকল, তা তিনি জানেন না। তাঁর ধারণা, চাবি থাকায় নিচতলার ভাড়াটেদের কেউ কলাপসিবল ফটকের তালা খুলে দেওয়ায় তারা ওপরে ওঠে।স্থানীয় লোকজনের ধারণা, পাশের টিনশেড বাড়ির ওপর দিয়ে ওই বাড়ির বারান্দার ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকেছে দুর্বৃত্তরা। বেরিয়েও গেছে ওই পথ দিয়ে। কারণ, পরে লোকজন ওই দুই ফটকের তালা খুলে নজরুল ও সেলিনাকে উদ্ধার করে। টিনশেড বাড়িটির বাসিন্দা মনোয়ারা আহমেদ বলেন, তিনি টিনের ওপর দিয়ে কয়েকজনের দৌড়ে যাওয়ার শব্দ শুনেছেন।নজরুলের মেয়ে ফারহানা কাঁদতে কাঁদতে বলেন, তিন মাস আগে তাঁর বিয়ে হয়েছে। তিন দিন আগেও তিনি মা-বাবার সঙ্গে থেকে গেছেন। পিতা হত্যার বিচার দাবি করে তিনি বলেন, কামাল হোসেনের হুমকির ঘটনায় তাঁর বাবা বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। হত্যার ঘটনায় ফারহানা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় কামাল, তাঁর ছেলেসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, জমি-সংক্রান্ত বিবাদের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। সকালেই কামাল ও নিহত নজরুলের বাড়ির নিচতলার ভাড়াটেসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনামুল কয়েকজনকে চিনতে পেরেছেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গলি ঘেঁষে নজরুল হকের বাড়ির দেয়ালসংলগ্ন পরিত্যক্ত জমির কিছু অংশ টিন ও ইটের দেয়াল দিয়ে ঘেরা। পেছনের দিক ফাঁকা। নজরুলের বাড়িতে ঢুকতেই কলাপসিবল ফটক। দ্বিতীয় তলায় ঢোকার মুখে লোহার ফটক। ফটক ঘেঁষে গ্রিল দেওয়া বারান্দা। তবে মাঝখানের বড় অংশ ফাঁকা। পাশেই কয়েকটি টিনশেড বাড়ি।নজরুলের বাড়ির কয়েক গজ দূরে ডিপিডিসির সুইচ বোর্ড অ্যাটেন্ড্যান্ট কামাল হোসেনের চারতলা বাড়ি। ওই বাড়ির তিনতলায় তিনি সপরিবারে থাকেন। কামালের স্ত্রী ফাতেমা কামাল কথা বলতে রাজি হননি। পরে মুঠোফোনে কামালের ভায়রা আল মাকসুদ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, ‘জমি নিয়ে মীমাংসা অনেক আগেই হয়ে গেছে।’শিল্পকলা একাডেমী সূত্র জানায়, নজরুল হক একাডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে ২০১০ সালের শেষ দিকে অবসর নেন।নজরুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফারহানা রাতে জানান, লাশ গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউরায় দাফন করা হবে।