শিল্পকলায় অজিত রায় স্মরণানুষ্ঠান
অজিত রায় ছিলেন আপাদমস্তক নির্লোভ নির্মোহ নিরহংকার একজন মানুষ। তবে তাঁর গৌরব ছিল। এই গৌরব মাটির জন্য, রাষ্ট্রের জন্য, এ দেশের সংস্কৃতির জন্য। সারা জীবন তাঁর শ্রম-ঘাম ও ত্যাগের বিনিময়ে মানুষটি কিছুই চাইতেন না, শুধু মানুষের ভালোবাসা ছাড়া। তাঁর অন্তিমযাত্রায় মানুষের সে ভালোবাসাই তাঁর সঙ্গী হয়েছে। অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে প্রয়াত হয়েছেন সংগীতজ্ঞ অজিত রায়।গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত তাঁর স্মরণানুষ্ঠানে বক্তারা এভাবেই গণসংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক অজিত রায়ের স্মৃতিচারণা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, শব্দসৈনিক আশফাকুর রহমান, আমানুল হক, জাকির হোসেন, আশরাফুল আলম, শিল্পী অনুপ ভট্টাচার্য, মাহমুদ সেলিম, মুশফিক আহমেদ এবং প্রয়াত অজিত রায়ের কন্যা শ্রেয়সী রায় ও ছেলে রোমাঞ্চ রায়।বক্তারা বলেন, দেশের গণ-আন্দোলনে সাংস্কৃতিক কর্মী হিসেবে অজিত রায় সক্রিয় অংশ নিয়েছেন। এমনকি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছিল তাঁর বলিষ্ঠ ভূমিকা। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর অবদান এ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।সাধনার ‘হে অনন্ত পুণ্য’কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ ও ‘পূজারিণী’ এই দুই কবিতা অবলম্বন করে সাধনা মঞ্চে এনেছে নৃত্যনাট্য ‘হে অনন্ত পুণ্য’। বুধবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে মঞ্চায়ন হয় নৃত্যনাট্যটি। নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব। নৃত্যনাট্যে নটী শ্রীমতীর বেদনা, আবেগ, প্রেম, শান্তির অন্বেষণ ও সুন্দরের প্রতি অনুরাগকে মূর্তিমান করে তোলা হয়েছে।মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১১ ঘোষণাবাংলা একাডেমী পরিচালিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ লাভ করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাংলা কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। পুরস্কার তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে প্রফেসর মযহারুল ইসলামের পরিবার।সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেন। কৈশোরেই তাঁর সাহিত্যচর্চার সূত্রপাত। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশু-কিশোর সাহিত্যসহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই সৈয়দ শামসুল হক সমান সক্রিয়।