শিল্পকলায় কবীর চৌধুরী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনকালে শিল্পকলা একাডেমীতে তিনি এসেছেন বহুবার। নাট্যোৎসবে এসেছেন, সেমিনারে প্রবন্ধ পড়তে বা বক্তৃতা দিতে এসেছেন, এসেছেন নানা আয়োজনে। দিকনির্দেশক হয়ে একাডেমীর নাটকের মানুষদের সঙ্গে আড্ডা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এখন তিনি নেই। তিনি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। মঞ্চে কাশফুলের মতো সাদা চুলের চিরচেনা মুখটি ছিল ফুলের মালা জড়ানো। গতকাল সোমবার তাঁকে স্মরণ করা হলো শ্রদ্ধা ও শোকে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল সন্ধ্যায় তাঁর স্মরণে শোকসভার আয়োজন করে। এতে স্মৃতিচারণা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, মীর জাহিদ হাসান প্রমুখ। শুরুতে কবীর চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।শোকসভায় বক্তারা বলেন, ব্যক্তির বৃত্ত ছাপিয়ে তিনি ক্রমেই এক প্রতিষ্ঠানে পরিণত হন। সবার জন্য অসীম ভালোবাসায় পরিপূর্ণ ছিল তাঁর ব্যক্তিসত্তা। আধুনিক বিজ্ঞানভিত্তিক জাতীয় শিক্ষানীতি প্রণয়নে তাঁর ভূমিকা স্মরণযোগ্য। তাঁর মৃত্যুতে বাংলা ভাষা-সাহিত্য ও বৃহত্তর বাঙালি এক সাহসী অভিভাবক হারাল। স্বপ্নচারী দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক চিন্তার মানুষ কবীর চৌধুরী আমৃত্যু ন্যায়ের প্রশ্নে ছিলেন অবিচল ও অকুতোভয়। তাঁর লেখকসত্তা ও ব্যক্তিত্ব ছিল বহুমাত্রিক ও নিরীক্ষাপ্রবণ।