শিল্পকলায় পিঠা উৎসব
পিঠা যে শুধু একটি খাবারের নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, প্রকৃতি। মামা আর নানাবাড়ির প্রতি একসময় শিশুদের মূল আগ্রহ ছিল শীতের মুখরোচক পিঠা। নগরজীবনে সেই পিঠার আয়োজন নিয়ে উৎসবের আয়োজন করা হলো শিল্পকলা একাডেমী মাঠে।গতকাল শুক্রবার বিকেলে আট দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, ম. হামিদ, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ, শিল্পী শুভ্রদেব প্রমুখ।উৎসবে পাাটিসাপটা, রস পিঠা, তেল পিঠা, কড়ি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, পাকান পিঠাসহ প্রায় দেড় শ ধরনের পিঠার সমাহার বসেছে এ উৎসবে। উৎসবে সোনারগাঁ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কচি-কাঁচার মেলা, উৎসব, বাগেরহাট, বাহারি, গ্রামীণ পিঠাঘরসহ ৩০টি স্টল রয়েছে। এতে নিয়মিত পিঠা তৈরি করা হচ্ছে। মেলামঞ্চে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।