স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে মাসব্যাপী বিজয়ের অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর আয়োজনে এই অনুষ্ঠান ঘিরে সাজানো হয়েছে একাডেমীর মুক্ত প্রাঙ্গণ। রাত ১২টা এক মিনিটে ৪০ হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সন্ধ্যা থেকেই শুরু হয় আবৃত্তি, নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা। দেশাত্মবোধক এমন বাণী ও সুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে পুরো একাডেমী চত্বর।শুরুতেই বিজয়ের ৪০ বছর উপলক্ষে ঢোল বাজিয়ে, ফানুস উড়িয়ে আনন্দবার্তা ছড়িয়ে দেওয়া হয় সবার মাঝে। একই সঙ্গে প্রজেক্টরে প্রদর্শন করা হয় মুক্তিসংগ্রামে বাঙালি জাতির বীরত্বগাথা। এরপর একে একে সংগীত, নৃত্য ও আবৃত্তির সুবর্ণ উচ্চারণে ধ্বনিত শুধুই বিজয়ের গৌরবগাথা। আনুষ্ঠানিকতার প্রথমেই মঞ্চে আসে সংবৃতা আবৃত্তিচর্চা কেন্দ্র। বৃন্দ পরিবেশনায় তারা কাজী নজরুল ইসলামের রচনা থেকে ‘বীর সেনা দল’ আবৃত্তি প্রযোজনা পরিবেশন করে। এরপরই একক সংগীত নিয়ে মঞ্চে আসে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। তিনি গেয়ে শোনান, ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সভা’।এরপর শুরু হয় একক ও দলীয় পরিবেশনা। এ সময় একক পরিবেশনায় অংশ নেন শিল্পী শাহীন সামাদ, অনুপ ভট্টাচার্য, আকরামুল ইসলাম, কানন বালা সরকার, আরতি ধর, মহিউজ্জামান চৌধুরী, কুদ্দুস বয়াতি, সমীর বাউল, পাগলা বাবুল, জয়দেব কর্মকার, আমজাদ দেওয়ান, মমতা দাসী প্রমুখ। অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশ নেয় উদীচী, সুরের ধারা, বহ্নি শিখা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, নিবেদন, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নৃত্য নন্দন, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি। এরপর রাত ১২টা এক মিনিটে ৪০ হাজার মোমবাতি প্রজ্বালন এবং শব্দ ও আলোক প্রক্ষেপণে ফুটিয়ে তোলা হয় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়।