শিল্পকলায় যাত্রার অগস্ত্যযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁই ছুঁই। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমী থেকে ভেসে আসছে বাংলা গানের সুর। একাডেমী ভবনের কাছাকাছি আসতেই গান ও বাজনাটা আরেকটু স্পষ্ট হলো। শিল্পকলা একাডেমীর সামনে বেশ বড়সড় একটা তোরণ। তোরণের মাথায় টাঙানো ব্যানারে লেখা মাসব্যাপী বিশেষ যাত্রা প্রদর্শনী-২০১০। এ মাসের শুরু থেকে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী এই যাত্রানুষ্ঠানের। প্রধান তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই নানা বয়সী মানুষের ভিড় নজর কাড়ে। ভিড় ঠেলে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, টিকিটের মূল্য তালিকা ঝুলছে। ১০০, ১৫০ আর ২০০ টাকা। রাত জেগে যাত্রা দেখতে এসে টিকিটের দাম দেখে অনেক দর্শকেরই চক্ষু চড়কগাছ।টিনের বেড়া দিয়ে ঘেরা যাত্রা প্যান্ডেলটিতে তিনটি প্রবেশদ্বার। বাঁশের খুঁটি গেড়ে তাতে বাঁশ টাঙিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলে ঢোকার পথ। প্যান্ডেলের ভেতর ঢোকামাত্রই কতগুলো রঙিন বাতি ঝলমলিয়ে এসে হাজির হয়। চোখে বাতির ঘোর কাটতে না কাটতেই চারপাশে চোখ বুলিয়ে দেখা যায় আগ্রহী দর্শকের অভাব নেই। মঞ্চের ঠিক মুখোমুখি রাখা হয়েছে প্রথম শ্রেণীর দর্শকদের বসার ব্যবস্থা। বাঁ-দিকে রয়েছে দ্বিতীয় শ্রেণী আর ডানে তৃতীয় শ্রেণী। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দর্শকদের জন্য রয়েছে সারিবদ্ধ প্লাস্টিকের চেয়ার। চাটাই বিছানো আসন বরাদ্দ রয়েছে তৃতীয় শ্রেণীর দর্শকদের জন্য। বসার জায়গা না পেয়ে দাঁড়ানো মানুষের সংখ্যাও কম নয়। আর কোনো গায়িকা বা নায়িকা যখন মঞ্চে আসছেন তখন তো আর বসে থাকার ফুরসত পাওয়া যায় না পেছনের মানুষের ধাক্কায়।পকেটের পয়সা খরচ করে যাত্রা দেখতে আসা দর্শকদের হতাশ করলেন না আয়োজকেরা। দর্শকদের মনোরঞ্জনের জন্য ততক্ষণে কোমরে পাতলা শাড়ি পেঁচিয়ে হাজির হলেন জনৈক প্রিন্সেস। শাড়িটার দৈর্ঘ্য-প্রস্থের হিসাবটা প্রিন্সেসই ভালো বলতে পারবেন। এতক্ষণ দীর্ঘশ্বাস চেপে রাখা দর্শকদের আমোদিত করতে মঞ্চের শব্দযন্ত্রটিও তারস্বরে গর্জে উঠল। সে সঙ্গে শুরু হলো স্থূলকায় প্রিন্সেসের লম্ফঝম্ফ। এটাকে আর যাই বলা যাক, কোনোভাবেই নৃত্য বলা চলে না। ‘পাবলিক’ তো আর বোকা নয়, পাবলিকও তাই ভুয়া ভুয়া রব তুলে প্রিন্সেসকে বিদায় জানাল। প্রথমজন বিদায় নিতেই হাজির হলেন স্বল্পবসনা আরও এক নর্তকী। পাতলা নীল শাড়ির ফাঁকে নিজেকে দৃশ্যমান করার চেষ্টা চালিয়ে বেশ সফলও হলেন তিনি। অতি রসিক দর্শকেরা অবশ্য এরই মধ্যে আমোদে আটখানা হয়ে নেচে-গেয়ে শিস বাজিয়ে অস্থির। এরপর তৃতীয় প্রিন্সেসের একাধারে ক্লাসিক্যাল-খেমটা থেকে শুরু করে ডিসকো-ঢালিউডি কোনোটিই বাদ দিলেন না। তাঁর নাচের সময় মঞ্চের চারপাশের রেলিংয়ে আটার মতো লেপ্টে থাকা দর্শককুলের কয়েকজন আবার টাকা ছিটানোর উৎসব শুরু করল। ততক্ষণে গান পাল্টে শুরু হয়েছে ‘তুমি ছুঁয়ে দিলে মন/ কী জানি কি হয়’ তাই বুঝি দর্শকেরা পিন্সেসকে ছোঁয়ার প্রতিজ্ঞায় বাঁশের রেলিং টপকে মঞ্চে লাফিয়ে ওঠার প্রতিযোগিতা শুরু করে দিলেন। নাচ দেখতে দেখতেই কেটে গেল এক ঘণ্টা। ঘড়ির কাঁটা ততক্ষণে একটা বেজে পাঁচ মিনিট। মাইকে ঘোষণা দেওয়া হলো এবার শুরু হচ্ছে আজকে রাতের বিশেষ যাত্রাপালা সুজন সখী। বড় ভাইয়ের ছেলে সুজনের সঙ্গে ছোট ভাইয়ের মেয়ে সখীর প্রেম। অবধারিতভাইে কিছু গান আর কথামালা দিয়ে জমে ওঠে তাঁদের প্রেম। কিন্তু দর্শক আবারও নাচ দেখার জন্য চেঁচামেচি শুরু করে। দর্শকদের দাবি ফেলতে না পেরে আবারও মঞ্চে আসেন আগের সব নৃতশিল্পী। এই পর্বে নেচে-গেয়ে মাত করে দিলেন বৃহস্পতিবারের প্রধান আকর্ষণ নাসরিন ও বাপ্পীরাজ। দ্বিতীয় পর্বের ঘণ্টাখানেক নাচ শেষ হওয়ার পর আবার মঞ্চে এলেন কেয়া যাত্রা ইউনিটের যাত্রাপালা সুজন সখীর নায়িকা লক্ষ্মীরানী ও নায়ক গাজী শহিদ। তাঁদের প্রেমের ঘটনা দুই পরিবারে জানাজানি হয়ে যাওয়াতে দুজনের বাবা দুজনকেই কেটে নদীর পানিতে ভাসিয়ে দেওয়ার সংকল্প করেন। যদিও তাঁরা তাঁদের সেই ওয়াদা ভঙ্গ করেই সুজনের হাতেই তুলে দেন সখীর মেহেদীপরা হাত। সুজন-সখীর মিলনেও দর্শকদের মনে আনন্দের ধারা বইতে দেখা গেল না। দর্শকদের অনেকেই অপেক্ষায় ছিলেন, আবার যদি আরেক ঝলক নাচ দেখায়! যাত্রাপালার নাম করে এ ধরনের নৃত্য প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে মাসব্যাপী বিশেষ যাত্রা প্রদর্শনী-২০১০-এর আয়োজক সংগঠন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দে বলেন, ‘আমরা নিজেরাও এ ধরনের নাচের বিপক্ষে। কিন্তু যাত্রা যেহেতু গণমানুষের প্রতিনিধিত্ব করে, তাই জনরুচি মেটাতে গিয়ে মাঝেমধ্যে ভিন্ন খাতে প্রবাহিত হতে হয়।’ তিনি জানান, সন্ধ্যার শোতে সামাজিক সংলাপপ্রধান যাত্রাপালা বেশি হয়। নগরবাসীকে এ শো উপভোগের জন্য আমন্ত্রণ জানান তিনি। রাত ১২টার শোটা শ্রমজীবী মানুষের শো বলে তিনি দাবি করেন।