বিদায়ী শীতের শেষ বিকেলে রবীন্দ্রময় হয়ে উঠেছিল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা। কবিগুরুর সৃষ্টিকর্ম আর জীবনদর্শন নিয়ে শুরু হয়েছিল আলোচনা। কথার রেশ কাটতে না-কাটতেই গানে, কবিতা ও নৃত্যে প্রাণচঞ্চল মঞ্চ। গতকাল বৃহস্পতিবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত এ অনুষ্ঠানটি যেমন ছিল পরিপাটি, তেমনি উপভোগ্য।জাতীয় নাট্যশালায় সমবেত দর্শক যখন একে অপরের সঙ্গে আলাপচারিতায় মশগুল, তখন উন্মোচিত হলো মঞ্চের যবনিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সমনে উপবেষ্ট শিল্পীরা। মঞ্চটিও সাজানো ফুলে ফুলে। সবাই মিলে তাঁরা গাইলেন উৎসব সংগীত—‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’। এরপর ‘এত আলো জ্বালিয়েছ এই গগনে/ কী উৎসবের লগনে’। এই গানের সুরে সুরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দুই দিনের রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন সন্্জীদা খাতুন।উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহজাহান ফারুক। উদ্বোধকের বক্তব্য দেন সন্জীদা খাতুন। আর রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা নিয়ে আলোচনা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।আলোচনার পর শুরু হয় নৃত্যগীত ও আবৃত্তি দিয়ে সাজানো সাংস্কৃতিক পর্ব। সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান—‘আনন্দধ্বনি জাগাও গগনে’ ও ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’ গান দুটি। এরপর ছিল একক গানের পরিবেশনা। এ পর্বে অংশ নেন মিতা হক, অদিতি মহসিন, সাজেদ আকবর, শামা রহমান, নন্দিতা সরকার, কাঞ্চন মোস্তফা, নন্দিতা ইয়াসমীন, মেসবাহ উল আজম, মানসুরা আখতারসহ ৩০ জনের বেশি শিল্পী। তাঁরা শুনিয়েছেন ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘বরিষও ধরা-মাঝে শান্তির বারি’, ‘না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন’, ‘না গো, এই যে ধুলা আমার না এ’—এসব গান।সম্মিলন পরিষদ ছাড়াও সম্মেলক গান পরিশেন করে প্রতীতি ও সুরের ধারা। সম্মেলক নৃত্য পরিবেশন করেন ধৃতি ও নৃত্যনন্দনের শিল্পীরা। রবীন্দ্রনাথের ‘কর্ণ-কুন্তি সংবাদ’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সুমনা বিশ্বাস। আয়োজক সংগঠনের শিল্পীদের কণ্ঠে ‘অন্তর মম বিকশিত করো’ গানের মাধ্যমে প্রথম দিনের উৎসবের সমাপ্তি হয়।আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে রবীন্দ্রনাথের বিশ্বচেতনা বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক হাসান আজিজুল হক। পরিবেশিত হবে নাচ, গান ও আবৃত্তি। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আটটি সংগীত প্রতিষ্ঠানের ১৫০ জন শিল্পী অংশ নিচ্ছেন।