শিল্পকলায় লোকসংগীত উৎসবের সমাপনী
লোকসংগীত মিশে আছে আবহমান বাংলার মানুষের হূদয়ে। এই গানগুলোর পঙিক্ততে পঙিক্ততে উঠে আসে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। গণমানুষের জীবন-জীবিকার কথাও চলে আসে অবলীলায়। শিল্পকলা একাডেমীর তিন যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী এই লোকসংগীত উৎসবের।গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে শেষ হয়েছে এই উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছিলেন এই মঞ্চে। একক সংগীতের পাশাপাশি ছিল দলীয়-সংগীত ও নৃত্য-গানের আয়োজন।উৎসবের শেষ দিন গতকালও এর আগের দুই দিনের মতোই নাচে-গানে মুখরিত ছিল একাডেমীর মুক্তমঞ্চ। কুমিল্লা থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী সিরাজুল ইসলাম ও তাঁর দল পরিবেশন করে ‘দেহ গাড়ি নষ্ট হলে বন্ধ হবে কাজ কারবার’, আফরোজা বেগম ‘গুরু আত্মা চেনা আমার হইলো না’, সিদ্দিকুর রহমান ‘শুয়া চান পাখি’, নাসরীন ফেরদৌস ‘বহু দিনের পিরিত’, মির্জা সামসুল আলম ‘মনের দুঃখ কইতাম রে’ গানগুলো পরিবেশন করেন। এ ছাড়া ফরিদপুর থেকে আগত শিল্পীরা সারিগান, নটরাজ দলীয় নৃত্য, শহীদ সরকার ও তাঁর দল বাউলগান পরিবেশন করে।