শিল্পকলায় ‘শেষের কবিতা’ ও ‘কালের যাত্রা’
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা ও কালের যাত্রা মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হলো পদাতিক নাট্য সংসদ আয়োজিত নাট্যোত্সব। ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মবার্ষিকী উপলক্ষে পদাতিক (টিএসসি) ছয় দিনের এই নাট্যোত্সবের আয়োজন করেছে।গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উত্সবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। উত্সবে বাংলাদেশের ১১টি ও ভারতের একটি নাট্যদল অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঝুনা চৌধুরী প্রমুখ।প্রথম দিন জাতীয় নাট্যশালা মিলনায়তনে শেষের কবিতা মঞ্চায়িত করে ‘প্রাঙ্গণেমোর’। পরীক্ষণ থিয়েটারে কালের যাত্রা মঞ্চস্থ করে পদাতিক নাট্য সংসদ।আজ জাতীয় নাট্যশালায় কলকাতার অন্য থিয়েটার হ্যামলেট ও পরীক্ষণ থিয়েটারে শব্দাবলী গ্রুপ থিয়েটার (বরিশাল) ফনা নাটক পরিবেশন করবে।উত্সবের সমাপনী দিনে নাট্যাঙ্গনে অবদান রাখার জন্য আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার এবং চলচ্চিত্রনির্মাতা ও নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা দেওয়া হবে। উত্সব চলবে ৯ এপ্রিল পর্যন্ত।