শিল্পকারখানা ছড়িয়ে দিতে চাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের ওপর আমরা সব থেকে বেশি অর্থ সরবরাহ করে যাচ্ছি। আমরা সাতটা বিভাগকে সাতটা অর্থনৈতিক অঞ্চলে ভাগ করে কাজ করে যাচ্ছি। এর বাইরে আরও বেশি জায়গা পেলে আমরা আরও অর্থনৈতিক অঞ্চল করব। এই অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি এই জন্য যে, আমরা ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে যাই।’ খবর ইউএনবির।আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাতক্ষীরা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ হোক আর মনুষ্য সৃষ্ট দুর্যোগ হোক, যেকোনো দুর্যোগ মোকাবিলা করার শক্তি আওয়ামী লীগ রাখে, আমাদের আছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকবেই।’প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত ‘অপারেশন ক্লিনহার্ট’-এর নামে মানুষ মেরেছে। পরে আইন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতোই অপারেশন ক্লিনহার্টেরও’ ইনডেমনিটি দেওয়া হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা রক্ষায় ২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকার র্যাব গঠন করেছিল। কিন্তু তারা র্যাবকে ব্যবহার করে মানুষ মেরেছে এবং বিশেষ করে তখনকার বিরোধী দল, আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। অপারেশন ক্লিনহার্ট এবং র্যাব ছাড়াও দলীয় ‘সন্ত্রাসীদের’ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে।