শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ আর নেই
তিন দিন ধরেই তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকেরা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। শুভানুধ্যায়ীরা প্রার্থনা করেছিলেন, তিনি ফিরে আসবেন। কিন্তু সবকিছু ব্যর্থ করে দিয়ে গতকাল শনিবার মধ্যরাতে চলে গেলেন দেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। নব্বই বছর বয়সে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত ১২টা ২০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর প্রয়াণে বাংলাদেশের শিল্পচর্চার এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ও নিভৃতচারী, ছাপচিত্রকলার জনক হিসেবে খ্যাত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ায় বৃহস্পতিবার থেকে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়।শিল্পীর পুত্র আহমদ নজির জানান, গতকাল সকাল থেকেই তাঁর অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা প্রয়োজনীয় জরুরি চিকিৎসা অব্যাহত রাখেন। তবে তাতে তিনি তেমন সাড়া দিচ্ছিলেন না। তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। শিল্পীসমাজ ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করে দাফনসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও সংস্কৃতিসেবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মধ্যরাতেই পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী, গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামানসহ অনেকেই হাসপাতালে যান। এর আগে গতকাল বিভিন্ন সময়ে দেশের প্রবীণ-নবীন শিল্পী ও তাঁর গুণগ্রাহীরা হাসপাতালে গিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন: কাইয়ুম চৌধুরী, তাহেরা খানম, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, মাহমুদুল হক, সাহিত্য পত্রিকা কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত প্রমুখ।সফিউদ্দীন আহমেদ চল্লিশের দশক থেকেই খ্যাতিমান চিত্রকর হিসেবে পরিচিত। তিনি আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী ও আর্ট কলেজ প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করেন। এ দেশের ছাপচিত্রকলার তিনিই শিল্পগুরু। ছাপাই ছবির প্রসার ও অগ্রগতির ক্ষেত্রে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। পঞ্চাশের দশকে তিনি লন্ডনে চিত্রচর্চা ও শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষা তাঁর সৃষ্টির ভুবনকে নতুন মাত্রা দান করেছিল। লন্ডনে তিনি যে একক প্রদর্শনী করেন, তাতে তাঁর শক্তিমত্তা শিল্পবোদ্ধাদের কাছে নবচেতনায় উন্মোচিত হয়েছিল। তিনি তেলরঙেও এক সিদ্ধহস্ত শিল্পী।শিল্পী সফিউদ্দীন আহমেদ ১৯২২ সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে সম্মানের সঙ্গে ডিপ্লোমা লাভ করেন। তিনি দেশে-বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা একাডেমি অব ফাইন আর্ট প্রদত্ত একাডেমি প্রেসিডেন্ট পদক, ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ প্রদত্ত ‘দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকার প্রদত্ত ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে চারুকলায় অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে (বর্তমানে চারুকলা অনুষদ) ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।২০০৮ সালে ৮৬তম জন্মবার্ষিকীতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের উদ্যোগে বাংলাদেশে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে ২০১০ সালের ডিসেম্বর মাসে তাঁর সৃষ্টিসমগ্র নিয়ে ‘শিল্পের অশেষ আলো’ শিরোনামে দুই পর্বে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়।