শিল্পপতি আলম হত্যা মামলার রায় ছয় সপ্তাহ স্থগিত
শিল্পপতি আলম হত্যা মামলায় হাইকোর্টে দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টে আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।এর আগে গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আপিলের ওপর শুনানি নিয়ে রায় দিয়েছিলেন। ওই রায়ে জুরাইনের শিল্পপতি মো. আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে আটজনকে বেকসুর খালাস ও তিনজনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া অন্য ছয় আসামিকেও খালাস দিয়েছেন আদালত।আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, ২০০১ সালের ১ জানুয়ারি জুরাইনের নিজ বাসভবনে আলম ও তাঁর তিন গৃহপরিচারিকা কমলা, সখিনা ও রহিমাকে জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনায় শ্যামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।