শিল্পপ্রতিষ্ঠানে চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পাঁচ সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ‘সংঘটিত দুর্ঘটনা ও ধ্বংসাত্মক কার্যক্রমে’ উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় পাঁচ সংগঠন।ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) গতকাল যৌথ বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানায়।বিবৃতিতে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করে এই সংগঠনগুলো। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, পোশাকশিল্পে সহিংসতার পর এখন চামড়াজাত পণ্য ও জুতাশিল্প সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইতিমধ্যে আশুলিয়া এলাকার জিরাবো, পিকার্ডের কারখানায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এতে শ্রমিকেরা আহত হয়েছেন এবং কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার লেদারেক্স ফুটওয়্যারসহ অন্য জুতার কারখানাও আশঙ্কায় আছে।ব্যবসায়ী নেতারা মনে করেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে শিল্প খাতে বিরাজমান অস্থিরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।বিবৃতিতে সই করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, সিসিসিআইয়ের সভাপতি মুর্শের মুরাদ ইব্রাহিম ও বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান।