খালের নাম মরাপুরা। এ অদ্ভুত নামকরণের কারণ জানা নেই ময়মনসিংহের ভালুকা উপজেলার লোকজনের। তবে কিছু ‘বড়লোক মানুষ’ যেন খালটির নামকরণের সার্থকতা প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছেন! শিল্পবর্জ্যে সত্যিই এখন মৃত্যুর মুখে পড়েছে খালটি। শুধু এই মরাপুরা নয়, ভালুকার খিরু নদী, পাঁচটি খাল ও কয়েকটি বিলের মোটামুটি একই দশা। কিছুটা ভালো আছে একমাত্র বাঁকা নদী।নদী-খাল-বিলের মরণদশা যে শিল্পকারখানার কারণে, তাই তো সৌভাগ্যের বর নিয়ে এসেছে ভালুকার মানুষের জন্য। তাই শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে যাক, তা তাঁরা চান না। তবে ঐশ্বর্য ভোগের জন্য তো জীবনটা বাঁচিয়ে রাখতে হবে! ফলে পরিবেশ নিয়ে তাঁদের উদ্বেগ অনেক। শিল্পকারখানা থেকে যেন অপরিশোধিত বর্জ্য আর নদী-খাল-বিলে ফেলা না হয় এবং পরিশোধনের পরই যেন বর্জ্য জোয়ারভাটা আছে এমন কোনো নদীতে ফেলা হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের সত্যিকারের সক্রিয়তা চান তাঁরা।ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ীতে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) কারখানা। তার উত্তর দিকের কৃষিজমি ঘেঁষে মরাপুরা খাল। ওই কারখানার উত্তরে বেলি নিটিং ডায়িং, কটন নিটিং অ্যান্ড ডায়িং, দক্ষিণে এমএল ডায়িং, কালার মাস্টার, এনভয় টেক্সটাইল, বাদশা টেক্সটাইল, রিদিশা নিটিং, আরিফ নিটিংসহ আরও ১০-১২টি কারখানা। বড় বড় আরসিসি পাইপলাইনে কারখানাগুলো থেকে তরল বর্জ্য এসে মিশছে খালের পানিতে। কোনো পাইপের পানির রং কালো, কোনোটির রং সবুজ, কোনোটি আবার গাঢ় লাল বা বেগুনি। মরাপুরার নানা রঙের এসব বর্জ্যমিশ্রিত পানি গিয়ে মিশছে বিলাইজুড়ি খালে।সরেজমিনে গিয়ে দেখা গেল, বিলাইজুড়ির পানির অবস্থা মরাপুরা খালের চেয়েও খারাপ। আনুমানিক এক কিলোমিটার লম্বা এই খালে পড়ছে নাসির গ্লাস, এসকিউ সাপ্লাই চেইন সিটি, এসকিউ সাপ্লাই কালার সিটি, এসকিউ হোল্ডিং, কটন গ্রুপ, পাইওনিয়ার সোয়েটার্স, কামাল ইয়ার্ন, ইমপ্রেসিভ টেক্সটাইল, আরিফ স্পিনিং, ক্রাউন ওয়্যারস, আকবর কটন, আইডিয়াল স্পিনিং, রাইমার কেমিক্যাল, অরচার্ড সোয়েটার, অ্যাডভান্স সোয়েটার, হা-ওয়েল টেক্সটাইলসহ কমপক্ষে ৩০টি কারখানার বর্জ্য। পাইপ ও ড্রেন দিয়ে আসা বিভিন্ন রঙের এসব তরল বর্জ্যের বেশির ভাগ অপরিশোধিত। পাইপলাইন, ড্রেন ছাড়াও নালা, কৃষিজমি ও জলাশয় গড়িয়ে কারখানার তরল বর্জ্য পড়ছে খালে। আলকাতরা রঙের এসব পানি বিলাইজুড়ি খাল দিয়ে হবিরবাড়ীতে গিয়ে পড়ছে ভালুকার সবচেয়ে পুরোনো লাউতি খালে। এখানেই গাজীপুরের শ্রীপুরের লবলঙ্গ খালের একটি শাখা লাউতির সঙ্গে এসে মিশেছে। লবলঙ্গ দিয়ে শ্রীপুরের নয়নপুর ও ধনুয়া শিল্প এলাকা এবং বিলাইজুড়ি দিয়ে ভালুকার জামিরদিয়া এলাকার কারখানার বর্জ্যমিশ্রিত পানি লাউতি খাল দিয়ে প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে মল্লিকবাড়ীতে এসে খিরু নদীতে মিশছে। এখানে খিরু নদীর পানি আলকাতরার মতো কালো। তবে ভালুকার বাঁকা নদী ও বাঁকার শাখা নেদুয়ারি এখনো যথেষ্ট ভালো আছে বলে কৃষি সম্প্রসারণ দপ্তর জানিয়েছে।একমাত্র খিরু নদী নিয়ে একটি গবেষণা পাওয়া গেছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য ব্যবস্থাপনা বিভাগ গবেষণাটি করে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, খিরু নদীতে ক্যাডমিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামের মতো ভারী ধাতু (হেভি মেটাল) গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি রয়েছে। নদীর কাদামাটিতেও ক্যাডমিয়ামের ঘনত্ব গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি।২০০৯ সালে গবেষণাটি পরিচালনা করেন মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ। তাঁর ছাত্র নাজমুল হাসানের স্নাতকোত্তর পর্যায়ের এ গবেষণাটিই খিরু নদী নিয়ে সর্বশেষ গবেষণা।হারুন অর রশীদ বলেন, ‘নদীর তীরে গড়ে ওঠা সিরামিক, কাচ ও ধাতব শিল্পের বর্জ্য উচ্চমাত্রার ক্যাডমিয়াম দূষণের জন্য দায়ী। সেখানকার টেক্সটাইল ও ডায়িং কারখানাগুলো বেশির ভাগ পরিশোধন না করে বর্জ্য খাল-নদীতে ফেলছে।গবেষণায় মাছের শরীরে ভারী ধাতু অভিযোজনের নমুনা পাওয়ার কথা উল্লেখ করে অধ্যাপক হারুন বলেন, খিরু নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনত্ব ১.৭ থেকে ২.৬৪ মিলিগ্রাম (প্রতি লিটারে), যা গ্রহণযোগ্য মাত্রার অনেক নিচে। মাছের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার ৬.৫ থেকে ৭ মিলিগ্রাম। অক্সিজেনের পরিমাণ কমে গেলে এবং আয়রন ও নাইট্রেটের পরিমাণ বেড়ে গেলে মাছের শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, প্রজননেও সংকট দেখা দেয়। অধ্যাপক হারুন বলেন, এসব মাছের দেহে জিংক, কপার, ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ভারী ধাতুর দূষণ থাকায় এগুলো খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সরেজমিন অনুসন্ধানের সময় এলাকাবাসী জানায়, এক দশক আগেও বর্ষাকালে খিরু নদীতে কমপক্ষে ৫০ প্রজাতির মাছ পাওয়া যেত। এখন নদীতে পুঁটি, চিংড়ি, টাকি, বাইম ও গুতুম ছাড়া আর কোনো মাছ পাওয়া যায় না। এই নদীর মাছ অত্যন্ত সুস্বাদু ছিল।ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে শুরু হয়ে খিরু নদী ভালুকা উপজেলার সুতিয়া নদীতে মিশেছে। সুতিয়া শ্রীপুরের কাওরাইদ ও গফরগাঁওয়ের ত্রিমোহনীতে শীতলক্ষ্যায় গিয়ে মিশেছে। সরেজমিন দেখা গেছে, ভালুকার খিরু কিংবা বাঁকা নদী, বিলাইজুড়ি কিংবা লাউতি খাল সব কটির পানির রং বিবর্ণ।পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল আজিম প্রথম আলোকে বলেন, সবাই তাঁদের ছাড়পত্র না নেওয়ায় ভালুকায় শিল্পকারখানার সঠিক সংখ্যা তাঁদের জানা নেই। তবে এ সংখ্যাটি শতাধিক হতে পারে। তিনি জানান, গত জুনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্জ্য পরিশোধন না করে খাল-নদীতে ফেলায় এনার্জি কম্পোজিটকে ৭৫ লাখ টাকা, শেফার্ড ডায়িংকে ৩৯ লাখ টাকা ও পিএ নিট কম্পোজিটকে সাত লাখ টাকা জরিমানা করা হয়।মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ভালুকার ছোটখাটো কিছু শিল্পকারখানায় ইটিপি সংযোগ নেই। যাঁদের ইটিপি সংযোগ আছে, তাঁরাও খরচ বাঁচানোর জন্য এটি সবসময় চালান না। ওই অভিযানে জরিমানার পাশাপাশি কারও কারও গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। স্বাস্থ্য সমস্যা: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী প্রথম আলোকে জানান, জেলার অন্য উপজেলার তুলনায় ভালুকায় চর্মরোগীর সংখ্যা বেশি। এক দশকের বেশি সময় ধরে ভালুকায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ভালুকায় পেশাগত চর্মরোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। শিল্পকারখানার শ্রমিকেরা রাসায়নিক দ্রব্য ঘাঁটাঘাঁটি করার কারণে যে চর্মরোগ হয়, তাকেই পেশাগত চর্মরোগ বলা হয়। অসীম কুমার নন্দীর ধারণা, শিল্পবর্জ্য বাতাসে মেশার কারণে ভালুকায় শ্বাসকষ্টের রোগীও বাড়ছে। ভালুকা থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ, হূদেরাগ বিশেষজ্ঞ অধ্যাপক এম আমান উল্লাহ প্রথম আলোকে জানান, পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য তিনি বন ও পরিবেশমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁকে অপরিশোধিত শিল্পবর্জ্য যেন খালে-বিলে না ফেলা হয় তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন।বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, বর্জ্য শোধনযন্ত্র (ইটিপি) বসানো ছাড়া বড় কোনো শিল্পকারখানা স্থাপনের অনুমোদন দেওয়া হয় না। ইটিপি থাকার পরও যাঁরা তা বন্ধ রাখেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতেও নেওয়া হবে। মন্ত্রী জানান, ইটিপি চালু আছে কি না, তা জানার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে প্রতিটি কারখানায় একটি করে ইলেকট্রনিক ডিভাইস স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আবার ছোট কারখানাগুলোর কয়েকটিকে একত্র করে একটি করে কেন্দ্রীয় ইটিপি স্থাপনের ভাবনাও তাঁদের পরিকল্পনায় আছে। এ নিয়ে দাতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।