শিল্পবর্জ্যের দূষণে হুমকির মুখে কালিয়াকৈর
কৈশোরে ভরা বর্ষায় একদম ফুরসত মিলত না কালিয়াকৈরের আক্কাস আলীর। প্রায় সারাটা দিনই চলে যেত মকশ বিলে মাছ ধরতে। বোয়াল, কই, শিং, মাগুর, শোল আরও কত মাছ! আক্কাস আলী এখনো বাস করেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মকশ বিলের ধারে। এখনো বর্ষা নামে, বিলে পানি থই থই করে। কিন্তু মাছ মেলে না। মাছ ধরার সেসব ঘটনা এখন শুধুই স্মৃতি।আক্কাস আলী বলেন, ‘বোয়াল, মাগুর তো অনেক দূরে, এখন পোনাও মেলে না। আগে শুকনা মৌসুমে বিলে অনেক ধান হতো, এখন তাও হয় না।’স্থানীয় আরও অনেকে বলেন, বর্ষা আরও বাড়লে হয়তো কিছু মাছ পাওয়া যাবে, কিন্তু সে মাছ খাওয়া যায় না। তাতে কেরোসিনের গন্ধ। ১৫ বছর আগে সফিপুর বাজারে রহিম টেক্সটাইল মিলটি স্থাপিত হওয়ার পর থেকেই এলাকায় মাছের আকাল শুরু হয়। ফসলের ফলন কমতে থাকে। কারখানার বিষে মাছ বাঁচে না, ধান হয় না। তাঁদের এই কথার সত্যতা মেলে একাধিক গবেষণায়ও।মকশ বিলের দূষণ নিয়ে ২০১০ সালে একটি গবেষণা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আফরিন আখতার। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, কালিয়াকৈর এলাকায় দ্রুত ও অপরিকল্পিত শিল্পায়নের ফলে মকশ বিল এবং ওই এলাকার মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। গত কয়েক বছরে সেখানে জ্বর বেড়েছে ৯৭ শতাংশ, উচ্চরক্তচাপ ২০, ডায়াবেটিস ৮০ এবং চর্মরোগ বেড়েছে ৮৫ শতাংশ।বাড়ছে কারখানা, বাড়ছে দূষণ: সরকারের ‘ম্যানেজমেন্ট অব অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস থ্রু কমিউনিটি হাজবেন্ডারি (এমএসিএইচ)’ প্রকল্পের অধীনে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি ২০০৬ সালে ওই এলাকা নিয়ে একটি গবেষণা করে। ‘ইন্ডাস্ট্রিয়াল পলুশন অ্যান্ড ইটস থ্রেট টু ওয়েটল্যান্ড ইন বাংলাদেশ: একজাম্পল অব মকশ বিল ওয়েটল্যান্ড ইন কালিয়াকৈর’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়, ১৯৯৯ সালে কালিয়াকৈর এলাকায় মোট শিল্পকারখানা ছিল ১২টি। ২০০৫ সালে তা হয় ১৬৬টি।পরিবেশবিষয়ক গবেষণাকেন্দ্রিক বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) হিসাবে, ২০০৭-২০০৯ সালে ওই এলাকায় শিল্প কারখানা প্রতিবছর ৭০ শতাংশ হারে বেড়েছে।উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, এখন কালিয়াকৈর এলাকায় ছোট-বড় শিল্পকারখানা আছে পাঁচ শতাধিক। এর মধ্যে কাপড়-পোশাকে রং করার (ডাইং) কারখানা ১৩৭টি। এর মধ্যে ৭৮টিতেই বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই। পানি ও পরিবেশদূষণের জন্য ওই কারখানাই বেশি দায়ী।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে, এ ধরনের কারখানার জায়গা নির্বাচন ও নির্মাণকাজ শুরু করার আগেই পরিবেশ অধিদপ্তর থেকে ইটিপি স্থাপনের শর্তসাপেক্ষে ছাড়পত্র নিতে হয়।কিন্তু ২০১০ সালে মকশ বিল এলাকায় পরিচালিত ‘পিপলস পারসেপশন অন এনভায়রনমেন্টাল পলুশন ইন মকশ বিল, বাংলাদেশ’ শীর্ষক গবেষণা বলছে, সেখানকার বেশির ভাগ শিল্পকারখানায় ইটিপি নেই। যেগুলোতে আছে, খরচ কমাতে সেগুলোও চালানো হয় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইটিপিতে এক হাজার লিটার বর্জ্যমিশ্রিত পানি পরিশোধন করতে ২০ থেকে ৩০ টাকা খরচ হয়। গত ২৮ জুন কালিয়াকৈরের চারটি বড় কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় দেখা যায়, ওই চারটি কারখানাতেই ইটিপি আছে। কিন্তু সেগুলো বন্ধ রেখে বর্জ্য সরাসরি পানিতে ফেলা হচ্ছে।ওই চারটির মতো আরও অনেক কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নিকটস্থ খালে, জলাশয়ে। প্রধানত রতনপুর খাল হয়ে এসব বর্জ্য মিশ্রিত পানি গিয়ে পড়ে মকশ বিল, আলুয়া বিল, উজান বিল, কালিয়াদহ বিল হয়ে তুরাগ নদে। ২০০৬ সালে এমএসিএইচ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, রতনপুর খালের পানিতে কোনো ধরনের অক্সিজেন নেই। এখন অবস্থা আরও খারাপ। গত ২৮ জুন সরেজমিনে দেখা যায়, ভরা বর্ষায়ও ওই খালে প্রবাহিত পানির রং কুচকুচে কালো।মকশ বিলে টইটম্বুর পানিও ছিল কালচে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা ছাড়া অন্য মৌসুমে এ বিলের পানিও কুচকুচে কালো রং ধারণ করে। মারাত্মক দুর্গন্ধ ছড়ায়।এমএসিএইচের গবেষণায় বলা হয়, ওই এলাকার খালের পানিতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (সিওডি), বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) এবং পানির অম্লত্ব বা ক্ষারত্ব পরিমাপক-পিএইচের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ওই পানি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণের অনুপযোগী এবং মানুষের জন্য ক্ষতিকর।কমছে শস্য ও মাছের উৎপাদন: ওই গবেষণায় বলা হয়, আগে কালিয়াকৈর এলাকায় বছরে তিনটি ফসল হতো। এখন হয় মাত্র একটি। বেশি দূষিত এলাকায় ধান উৎপাদন গড়ে ৬১ শতাংশ, গম ৮০ শতাংশ, শাকসবজি ৪৭ শতাংশ ও ফলের উৎপাদন কমেছে ৩৩ শতাংশ।উপজেলা মৎস্য প্রকল্পের কর্মকর্তা পল্লব সরকার প্রথম আলোকে বলেন, ২০০৩ সালে তাদের প্রকল্পের অধীনে তুরাগ নদ ও বিলগুলোতে বিলুপ্ত প্রজাতির মাছের বংশ বৃদ্ধির জন্য প্রায় ২০টি অভয়াশ্রম তৈরি করে সুফল পাওয়া গিয়েছিল। ২০০৫ সালের দিকে অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে ওঠে। সেগুলোর বিষাক্ত বর্জ্য নদী ও বিলগুলোতে মিশে মাছে মড়ক দেখা দেয়। এলাকার শতাধিক জেলে পরিবার পেশা ছাড়তে বাধ্য হয়েছে।