শিল্পমন্ত্রী অনুপস্থিত, অসন্তুষ্ট সংসদীয় কমিটি
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার উপস্থিত থাকার কথা ছিল। কথা ছিল কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) আধুনিকায়ন প্রকল্পের অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হবে। কিন্তু মন্ত্রী বৈঠকে অংশ নেননি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু তিনি বৈঠক এড়িয়ে গেলেন। যে কারণে বৈঠকে আলোচ্যসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। পরের বৈঠকে আলোচনা করতে হবে।’ সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বরের বৈঠকে কেপিএমের ব্লিচিং প্লান্ট সম্পর্কে সংসদীয় কমিটির সুপারিশ না মানায় শিল্পমন্ত্রীর কাছে কৈফিয়ত চাওয়া হয়। সেই বৈঠকেও মন্ত্রীকে কমিটির সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আবারও আলোচনা হওয়ার কথা ছিল। সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, কেপিএমের ব্লিচিং প্লান্টের অধিকাংশ যন্ত্র পরীক্ষামূলক ব্যবহারের সময় নষ্ট হয়ে গেছে। যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রকল্পের নির্ধারিত নকশা পরিবর্তন করা হয়েছে। প্রকল্পের টাকা ছাড়ের ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, এস এম আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক ও সুলতানা বুলবুল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।