শিল্পমালিকদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাভারের ভবনধসের ঘটনায় ওই ভবনের শিল্পমালিকদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে। সাভারের ওই ভবনে যেসব পোশাক কারখানা ছিল, তার শ্রমিকদের সঠিক সময়ে বেতন দেওয়া হবে। আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। এর আগে তিনি বাণিজ্যমন্ত্রী, বিজিএমইএর নেতৃবৃন্দসহ পোশাক কারখানা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিজিএমইএর নেতারা জানান, সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় যুক্তরাজ্য সহায়তা করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রানা প্লাজা ব্যবহার উপযোগি মর্মে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোনো প্রত্যয়নপত্র ইস্যু করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৃত ও নিহতদের একটি তালিকা করা হচ্ছে। এছাড়াও ভবন ধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে বলের জানান মন্ত্রী।