শিল্পশ্রমিকদের ভোট টানতে মহিউদ্দিনের পক্ষে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিনটি শিল্পাঞ্চলের ভোটারদের লক্ষ্য করে জাতীয় পার্টির (জাপা) সাবেক তিন সাংসদ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন।নগরের নাসিরাবাদ, কালুরঘাট ও শহরতলির সীতাকুণ্ডে শিল্প কারখানাগুলোয় বৃহত্তর রংপুরসহ উত্তরবঙ্গের বিপুলসংখ্যক শ্রমিক কাজ করছেন। এসব শ্রমিকদের বড় একটা অংশ জাতীয় পার্টি বা এরশাদের সমর্থক বলে রাজনৈতিক মহলে প্রচার আছে।স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, এই শ্রমিক শ্রেণীর ভোট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে টানার জন্য জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী, মাজহারুল হক শাহ ও নজরুল ইসলামকে মাঠে নামানো হয়েছে। তাঁরা তিনজন ১৯৮৮ সালে যথাক্রমে চট্টগ্রামের পটিয়া, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে সাংসদ নির্বাচিত হন। তাঁরা জাতীয় পার্টির মূলধারার সঙ্গে সম্পৃক্ত আছেন।জাতীয় পার্টির নেতারা গতকাল মঙ্গলবার মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে চান্দগাঁও ও বাকলিয়া এলাকার তিনটি জায়গায় পথসভা করেন। তাঁরা পর্যায়ক্রমে শিল্পাঞ্চলগুলোর শ্রমিকদের কাছে মহিউদ্দিনকে নিয়ে গণসংযোগ-সভা করবেন বলে জানা গেছে।জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে জাতীয় পার্টির একটি শক্ত ভিত্তি আছে। তাই মহিউদ্দিনের পক্ষে আমরা প্রতিটি শ্রমিকের কাছে যাওয়ার চেষ্টা করছি।’চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে। ওই নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ওই নির্বাচনে বিএনপির মীর মোহাম্মদ নাসিরউদ্দিন দ্বিতীয় এবং জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী তৃতীয় হন। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রায় ৩১ হাজার ভোট পেয়েছিলেন।এবারের নির্বাচনে প্রথমে জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও ওই প্রার্থী গত শনিবার মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।অবশ্য জাতীয় পার্টির প্রার্থীর এই ঘোষণার পর চকবাজারের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কর্মীদের একাংশ বিক্ষোভ এবং মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায় তারা পার্শ্ববর্তী সিরাজদ্দৌলা সড়ক অবরোধ করে।জাতীয় পার্টির সাবেক সাংসদ মাজহারুল হক এ ঘটনাকে অনভিপ্রেত অভিহিত করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হয়। উচ্ছৃঙ্খল আচরণকারীরা আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমরা মহাজোটে আছি। আর মহিউদ্দিন চৌধুরী আমাদের প্রার্থী।’