শিল্পাঞ্চল পুলিশ বাহিনী গঠন চূড়ান্ত, কার্যক্রম শুরু এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্প-কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের মতো ‘শিল্পাঞ্চল পুলিশ বাহিনী’ নামে একটি বিশেষায়িত বাহিনী গঠনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ বাহিনীর কার্যক্রম শুরু হবে। এ বাহিনীর জন্য তিন হাজার জনবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আতিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, জনবলের অনুমোদন এলে চলতি মাসেই শিল্পাঞ্চল পুলিশ বাহিনীর কার্যক্রম শুরু হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক জানান, জনবল হিসেবে এক হাজার ৫৮০ জনের অনুমোদন পাওয়া গেছে। এদের দিয়ে নতুন বাহিনী গঠন করা হচ্ছে। পরে লোকবল বাড়ানো হবে।সূত্র জানায়, দেশের রপ্তানি আয়ের ৭৯ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এসব পোশাক তৈরির জন্য দেশে চার হাজার ৮০০ কারখানা আছে। ২৫ লাখ শ্রমিক এসব কারখানায় কাজ করেন। এ ছাড়া প্রায় এক কোটি মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল। সম্প্রতি এ খাতে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। এর পরই এ খাতের জন্য একটি বিশেষায়িত পুলিশ বাহিনী গঠনের বিষয়টি সামনে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৪ নভেম্বর বাটেক্সপোর অনুষ্ঠানে শিল্পাঞ্চল পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দেন।সূত্র আরও জানায়, প্রথমে পুলিশের পাশাপাশি পার্বত্য এলাকা থেকে প্রত্যাহার করা পাঁচ ব্যাটালিয়ন আনসার সদস্য দিয়ে এ বাহিনী গঠনের প্রস্তাব করা হয়। পরে তা সংশোধন করে পুলিশ সদর দপ্তর নতুন করে প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে যে প্রস্তাব করা হয়েছিল, তাতে এ বাহিনীতে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি, ছয়জন পুলিশ সুপার, ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩৫ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার, ৮০ জন সহকারী পুলিশ সুপার ছাড়াও বিভিন্ন পদের আরও কর্মকর্তা ছিলেন। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নিয়ন্ত্রণে থাকলেও এ বাহিনী নিজের মতো করে কাজ করতে পারবে। তবে তাদের প্রসিকিউশন ক্ষমতা থাকবে না। তারা র‌্যাবের মতো আসামি আটক, মামলা ও তদন্ত করতে পারবে। এ ছাড়া শিল্পাঞ্চল এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অপরাধ নিয়ন্ত্রণে নিজের মতো কাজ করতে পারবে।জানা যায়, এ বাহিনীর প্রধান হবেন ডিআইজি পদের একজন কর্মকর্তা। তিনি বাহিনীর মহাপরিচালক হবেন। তারপর একজন অতিরিক্ত মহাপরিচালক ও পাঁচজন পরিচালক, ১৩ জন উপপরিচালক ও সহকারী পরিচালকসহ বিভিন্ন পদের কর্মকর্তা থাকার কথা প্রস্তাবে বলা হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, এ বাহিনীর প্রধান ডিআইজি হলে এটি হাইওয়ে বা রেল পুলিশের মতো অথর্ব বাহিনীতে পরিণত হবে। এ বাহিনী ঠিকমতো কার্যক্রমই চালাতে পারবে না। তাঁদের মতে, এসবি, সিআইডির মতো এ বাহিনীতে অতিরিক্ত আইজি পদের কর্মকর্তা নিয়োগ করতে হবে। তা না হলে পরিদর্শকসহ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। এতে বাহিনীতে শৃঙ্খলা থাকবে না।সূত্র জানায়, প্রাথমিকভাবে এ বাহিনী পুলিশ আইনে পরিচালিত হবে। পরে র‌্যাবের মতো বিশেষ বাহিনীর জন্য একটি পৃথক বিধিমালা প্রণয়ন করা হবে। তবে এতে শুধু পুলিশের সদস্যরাই নিয়োগ পাবেন। অন্য কোনো বাহিনীর সদস্য এতে যুক্ত হবেন না।পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্পাঞ্চল পুলিশ বাহিনীর জন্য দুই হাজার ৯৯০ জনের অনুমোদন দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনবল অর্ধেক করে দিয়েছে।