প্রায় দেড় মাস হয়ে গেল, চলে গেছেন দেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পী মোহাম্মদ কিবরিয়া। তাঁর চিরপ্রস্থানের বেদনা যে স্বজন, সুহূদ, সহকর্মী ও অনুরাগীদের এখনো ভারাক্রান্ত করে রেখেছে, গতকাল শুক্রবার তাঁরা সে কথাই ব্যক্ত করলেন সশ্রদ্ধচিত্তে শিল্পীকে স্মরণ করে।প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত হয়েছে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান।‘শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া’ নামের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মতিউর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত কিবরিয়া সংগ্রহ নিয়ে। প্রদর্শনীর উদ্বোধন এবং সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর মোহাম্মদ কিবরিয়া সংখ্যার মোড়ক উন্মোচন করেন বেগম জাহানারা আবেদিন। অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্ম, তাঁর জীবনাচরণ, আমাদের আধুনিক চিত্রকলা-চর্চার গতিপ্রবাহ এবং তাতে শিল্পীর অবদান ও প্রভাব নিয়ে আলোচনা আর স্মৃতিচারণায় মনোজ্ঞ। এতে অংশ নেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নাট্যজন রামেন্দু মজুমদার এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। স্বাগত জানান বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।বক্তারা বললেন, কিবরিয়ার শিল্পমনীষা আমাদের চিত্রকলাকে আধুনিকতার স্তরে উত্তীর্ণ করেছিল। জীবনের রুঢ় বাস্তবতা, বিপন্নতা, একাকিত্ব আশ্চর্য সংবেদনশীলতা নিয়ে প্রকাশ পায় তাঁর কাজ। জগৎকে দেখার এক নতুন দৃষ্টি মেলে দিয়েছিলেন তিনি। সেই দৃষ্টিভঙ্গি অনুপ্রাণিত করেছে অনুজদের।বিমূর্ত ছবিও যে জনপ্রিয় হতে পারে, কিবরিয়া তা প্রমাণ করেছেন। অনেক অনুসারী সৃষ্টি হয়েছে তাঁর। অনুরাগী তো অসংখ্য। পরিপ্রেক্ষিতের নির্বাচন, পটের বিভাজন, রঙের সুষম সাযুজ্য ও টেক্সচারে তাঁর কাজ বিপুল বৈচিত্র্যময়। প্রকৃতির অন্তর্গত সত্তার স্বরূপ উন্মীলনে তিনি উন্মুখ।প্রদর্শনীতে মোহাম্মদ কিবরিয়ার ১১৫টি শিল্পকর্ম রয়েছে। বিষয়কে ত্যাগ করে মাধ্যমকেই প্রধান করে তুলেছিলেন এই শিল্পী। সেই বিচিত্র মাধ্যমের কাজের কিছু নমুনা দেখতে পাবে দর্শক এই প্রদর্শনীতে। ছাপচিত্রের মধ্যে আছে এচিং, লিথোগ্রাফ। এ ছাড়া আছে কোলাজ, জলরং, প্যাস্টেল, মিশ্র মাধ্যম ও তেলরঙের কাজ।এই প্রদর্শনী শিল্পানুরাগীদের জন্য একসঙ্গে মোহাম্মদ কিবরিয়ার এত বৈচিত্র্যময় কাজ দেখার একটি অনন্য সুযোগ। শিল্পশিক্ষার্থীদের জন্য তো রীতিমতো শিক্ষণীয়। প্রদর্শনী চলবে ৩১ জুলাই পর্যন্ত।