শিল্পী মোহাম্মদ কিবরিয়ার দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মোহাম্মদ কিবরিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তাঁর মরদেহ বারডেম হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিল্পী কিবরিয়াকে শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীকে শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিল্পীরা তাঁকে শ্রদ্ধা জানান। শিল্পী মোহাম্মদ কিবরিয়াকে শ্রদ্ধা জানান রফিকুন নবী, হাশেম খান, মনিরুল ইসলাম, শহীদ কবির প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেমন শিল্পকলা একাডেমী ও ছায়ানটের পক্ষ থেকেও শিল্পী কিবরিয়াকে শ্রদ্ধা জানানো হয়। পরে দুপুর ১২টার দিকে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চারুকলার শিক্ষক, ছাত্রছাত্রীরা তাঁকে শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। বেলা পৌনে তিনটার দিকে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের উত্তর পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। ১৫ জুন চারুকলার বকুলতলায় শিল্পীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অ্যামিরেটাস অধ্যাপক ও দেশের নির্বস্তুক চিত্রকলার পথিকৃত্ এই বরেণ্য শিল্পী ল্যাব এইড হাসপাতালে অন্তিম শ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন থেকেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।