শিল্পী শাহাবুদ্দিনের ‘বিজয়ের চার দশক’
শিল্পী শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের সময় রংতুলি ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। বুক চিতিয়ে লড়াই করেছিলেন শত্রুর বিরুদ্ধে। ছিনিয়ে আনেন বিজয়। সেই বিজয়ের চার দশক পার হচ্ছে আগামী শুক্রবার। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় শুরু হচ্ছে তাঁর একক চিত্র প্রদর্শনী ‘বিজয়ের চার দশক’। ওই দিন বিকেলে পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীর আয়োজক ডিএম ট্রেডিং কোম্পানি।বুধবার বিকেলে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী শাহাবুদ্দিন, প্রদর্শনীর কিউরেটর এবাদুর রহমান প্রমুখ। ১০ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে।