শিল্পীদের চৈত্র সংক্রান্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙালির পল্লি এবং আদি সংস্কৃতি হলো চৈত্রসংক্রান্তি। কিন্তু তা আদৌ জাতীয় পর্যায়ে উদ্যাপন করা হয়নি। যতটুকু হচ্ছে, তা বিভিন্ন গ্রামের মধ্যেই সীমাবদ্ধ আছে। নানা কারণে এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা এবার একই মঞ্চ থেকে শিল্পীরা চৈত্রসংক্রান্তিকে জাতীয়ভাবে উদ্যাপনের দাবি জানাব। পাশাপাশি শুধু পয়লা বৈশাখ নয়, চৈত্রসংক্রান্তির দিনও সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারকে অনুরোধ করব, যাতে সবাই মিলে আমরা এই দিনটি উদ্যাপন করতে পারি।’ বললেন মাকসুদুল হক। সংক্রান্তি সমষ্টির আহ্বায়ক এই বিশিষ্ট ব্যান্ডতারকা। শিল্পীদের নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে সম্প্রতি। গোড়াতেই সংক্রান্তি সমষ্টি আয়োজন করছে ‘চৈত্রসংক্রান্তি উৎসব ১৪১৮’। ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব হবে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে। উৎসবের স্লোগান ‘দেশীয় সংস্কৃতি দেশীয় উৎসব’। মাকসুদ বললেন, ‘আমাদের নিজস্ব সংস্কৃতি যেন বিদেশিরা দখল করতে না পারে, আমরা সেই দিকটাতে বেশি গুরুত্ব দিয়েছি। এ দেশের প্রতিষ্ঠানগুলোকেই আমরা সঙ্গে নিয়েছি। এককভাবে নয়, আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। শুধু এই একটি উৎসব নয়, সারা বছর আরও কয়েকটি বড় আয়োজন করার পরিকল্পনা আমাদের আছে।’দিনব্যাপী এই আয়োজনে গ্রামীণ উৎসবের আবহ ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। দেশীয় সংস্কৃতির নানা কিছুর সঙ্গে থাকবে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় গান।