শিল্পে সমাজ ও বাস্তবতার প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি মোনাজাত করছেন। গায়ে মলিন পাঞ্জাবি। মাথায় গোল টুপি। মুখে কাঁচা-পাকা দাড়ি-গোঁফ। জীবনসংগ্রামের নানা ঘাত-প্রতিঘাতে পোড় খাওয়া মুখ প্রৌঢ় মানুষটির।তাঁর নেপথ্যের জমিনজুড়ে বাংলা-ইংরেজি নানা পত্রিকার পাতা বিছানো। তাতে সন্ত্রাস, হত্যা, মৌলবাদের তাণ্ডব—এমন নানা শিরোনাম। দুই হাত তুলে মুদিত নেত্র মানুষটির প্রার্থনার বিষয়টি যেন বাঙ্ময় হয়ে আছে ওই সব শিরোনামে। একই সঙ্গে যেন তা দেশের সব মানুষের এই মুহূর্তের প্রত্যাশারও প্রতীক হয়ে উঠেছে। শিল্পী মো. মাঈনুদ্দীনের আঁকা ‘প্রার্থনা’ নামের এই চিত্রকর্ম এবার সব মাধ্যমের শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার পেয়েছে ২০তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে। শিল্পকলা একাডেমীর আয়োজনে গত ২২ জুন থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। এবার জাতীয় চারুকলা প্রদর্শনীতে ২৫৫ জন শিল্পীর ২৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলছে একাডেমীর জাতীয় চিত্রশালার দ্বিতীয় ও তৃতীয় তলায়। ১২ জুলাই পর্যন্ত চলবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশের চারুশিল্পের চর্চা ও বিকাশে সহায়তা এবং জনসাধারণের মধ্যে শিল্পকলার প্রতি আগ্রহ ও অনুরাগ সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতার পর থেকে নিয়মিত জাতীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করে আসছে। এক বছর পর পর প্রতিযোগিতাভিত্তিক এই দ্বিবার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর হচ্ছে ২০তম প্রদর্শনী।জাতীয় চিত্রশালার দুটি তলায় দেশের শিল্পীরা উপস্থাপন করেছেন বর্ণাঢ্য শিল্পসম্ভার। চিত্রকলা, বুনন, ভাস্কর্য, স্থাপনা, ভিডিও স্থাপনাসহ হরেক রকমের মাধ্যমের কাজে তাঁরা মেলে ধরেছেন তাঁদের নান্দনিক বোধ ও সৃজনশীলতা।বিচিত্র বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ঘটনাবলি বিশ্লেষণ করেছেন নানা দৃষ্টিভঙ্গি থেকে। সমকালীন সমাজবাস্তবতার দিকে দৃষ্টি দিয়েছেন কেউ, কেউ করেছেন আত্মানুসন্ধান। শিল্পের শুদ্ধতার দিকে গেছে কারও মনোযোগ। আঁকা ও উপস্থাপনের দিকেও প্রত্যেকে তাঁদের স্বকীয়তা তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। তবে দেশের পোশাকশিল্পের দুঃখজনক দুর্ঘটনাগুলো যে শিল্পীদেরও প্রভাবিত করেছে, তার প্রকাশ রয়েছে এবারের প্রদর্শনীর অনেকের কাজে। এ ধরনের কাজ পুরস্কারও অর্জন করেছে। গুলশান হোসেন স্থাপনাকর্ম রচনা করেছেন তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডকে নিয়ে। ‘অগ্নিদগ্ধ নারী পোশাকশিল্প শ্রমিকদের অনন্ত যাত্রা’ নামে তাঁর এই কাজ বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার পেয়েছে। মনিরুল ইসলামের ‘মানি ম্যাকার’ নামের স্থাপনাটিও করা হয়েছে পোশাকশ্রমিকদের নিয়ে। এবি ব্যাংক পুরস্কার পাওয়া রাসেল কান্তি দাশের ‘পরিস্থিতি-৮’ নামের কাজটি দেখে মনে পড়বে রানা প্লাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পোশাকশ্রমিকদের কথা। এ ছাড়া মোহাম্মদ হাসানুর রহমানের ‘সিগনেচার’ নামের স্থাপনাটিতে রয়েছে হিমঘরে লাশের সারি। এটিতে সরাসরি পোশাক কারখানার দুর্ঘটনার দৃশ্য তুলে ধরা না হলেও, রানা প্লাজা ধসের পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সারি সারি মৃতদেহ নিয়ে যে দৃশ্যের সৃষ্টি হয়েছিল, সেই দৃশ্য মনে পড়ে। এই কাজটি পেয়েছে শিল্পকলা একাডেমী সম্মান পুরস্কার।এ ছাড়া শিশুশ্রম নিয়ে কাজ করেছেন মঞ্জুরুল লভি। তাঁর ‘সেভ দ্য চিলড্রেন’ নামের ছাপচিত্রটি পেয়েছে শিল্পকলা একাডেমী সম্মান পুরস্কার। একাডেমীর সম্মান পুরস্কার পেয়েছেন হাসান মোর্শেদ তাঁর ‘আমার বয়স ৪২ বছর’ স্থাপনাকর্মের জন্য। এতে তিনি তুলে ধরেছেন স্বাধীনার পর থেকে এ পর্যন্ত আমাদের আশা ও আশাভঙ্গের বেদানার বিষয়-আশয়।‘সন্দেহজনক প্রতিকৃতি’ নামে এক বয়স্ক পুরুষের চারটি মুখচ্ছবির একটি মিশ্র মাধ্যমের কম্পোজিশনের জন্য সোসাইটি ফর প্রোমোশন অব বাংলাদেশ আর্ট পুরস্কার পেয়েছেন রুহুল করিম। আনিসুজ্জামানের ‘রিয়েলিটি শো’ নামের অ্যাক্রিলিকের কাজটি পেয়েছে দীপা হক পুরস্কার। জাহিদা আখতার একটি চমৎকার ভাস্কর্য করেছেন তাল বা নারিকেল গাছের চটের মতো পাতলা ছাল দিয়ে। ‘ভবঘুরে’ নামের এই কাজটি পেয়েছে বেগম আজিজুন্নেসা পুরস্কার। এ ছাড়া পরিবেশ বিপর্যয়, বুড়িগঙ্গার দূষণ-দখল, সুন্দরবনসহ দেশের নিসর্গ, প্রাত্যহিক জীবনযাত্রার নানা মুহূর্তসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে এই প্রদর্শনীর কাজে। দেশের শিল্পচর্চার গতিপ্রকৃতির একটা পরিচিতি পাবেন দর্শকেরা এই প্রদর্শনীতে এলে।