শিল্পের ছোঁয়ায় পরিবেশের প্রতিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল সমুদ্র শুকিয়ে গেছে। নানা রঙের মাছ, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ মরে গেছে। সঙ্গে মরে পড়ে আছে মৎস্যকুমারী। শুকিয়ে গেছে ঝরনার ধারা। পানির জন্য হাহাকার পড়ে গেছে। ক্যানভাসে এ দৃশ্য তুলে ধরেছেন শিল্পীরা। প্রতিদিনই মানুষ নানাভাবে পরিবেশ নষ্ট করছে। এভাবে চলতে থাকলে একসময় এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। শিল্পের মাধ্যমে পরিবেশ বাঁচানোর তাগিদ সৃষ্টির জন্য এগিয়ে এসেছেন শিল্পীরা। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে শুরু হয়েছে ‘পরিবেশের প্রতিবেশ’ নামের প্রদর্শনী। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ছক্কা শিল্পী পরিষদ এর আয়োজক।প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী, ইতালি দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা মাসসিমো বেল্লারি, গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ইউথিউ মির্শবের্গের প্রমুখ।শিল্পী মোখলেসুর রহমান, মাহবুব জামাল, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, লালারুখ সেলিম, উত্তম কুমার কর্মকার, ইতালির ফ্রান্সিসকো করদোবা ও জার্মানির হস্ট উহলেমান—মোট আটজন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনীর একটি অংশে শুকনো একটি গাছ। নিচেই ঝরা পাতা। আশপাশেই বিভিন্ন বায়ুশূন্য পাত্রে ঝুলছে অক্সিজেন। এই শিল্পকর্মের শিল্পী অশোক কর্মকার বললেন, ‘আমরা যেভাবে পরিবেশ নষ্ট করছি, তাতে গাছ মরে যাচ্ছে। অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সঙ্গে হয়তো এভাবে আর কিছুদিনের মধ্যেই অক্সিজেন কিনে কিনে বাঁচতে হবে।’ প্রদর্শনী ৯ মে পর্যন্ত চলবে।