শিশির কমাতে রাসায়নিক
বাংলাদেশের কাছে ইংল্যান্ডের পরাজয়ের পর গ্রায়েম সোয়ানের কাঠগড়ায় উঠেছিল প্রকৃতি— শিশিরের প্রভাব। শিশিরে ভেজা বল ঠিকমতো গ্রিপ করতে না পারায় ক্ষুব্ধ হয়েছিলেন এই ইংলিশ স্পিনার। শিশিরের কারণে স্পিনাররা ঠিকভাবে বল গ্রিপ করতে পারেন না। কিন্তু বল স্কিড করে দ্রুত ব্যাটে আসায় ব্যাটিংটা তুলনামূলক সহজ হয়। তাই শিশিরের প্রভাবে দিবারাত্রির ম্যাচগুলোতে আগে ফিল্ডিং নেয় টসজয়ী দল। শিশির থাকবে ফাইনালের ভেনু ওয়াংখেড়েতেও। এই মাঠে হয়ে যাওয়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে ভালোভাবেই দেখা গেছে শিশিরের প্রভাব। ম্যাচের বিরতিতে শিশির কমানোর আপ্রাণ চেষ্টা করতে হয়েছিল গ্রাউন্ডসম্যানদের। সাধারণত রাত ৯.৩০ থেকে ১০টার মধ্যে শিশির পড়তে শুরু করলেও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে রাত আটটা থেকেই শিশির পড়তে শুরু করেছিল। এটাই চিন্তায় ফেলেছে আয়োজকদের। ভারত-শ্রীলঙ্কা দুই দলেই প্রচুর স্পিনার। শিশিরের প্রভাব তাই চিন্তার কারণই হবে অধিনায়কদের জন্য। এ জন্যই শিশির কমাতে রাসায়নিক ব্যবহারের সিদ্ধান্ত। ১৯৮৭ সাল থেকে কিউরেটরের দায়িত্ব পালন করছেন সুধীর নায়েক। ওয়াংখেড়ের উইকেট তাঁরই হাতে গড়া। কাল থেকেই রাসায়নিক ছিটানো শুরু করে দেওয়ার প্রস্তুতি ছিল তাঁর। প্রয়োগ করা হবে আজ ফাইনালের দিনও। কোনো রকম ঝুঁকি নিতে চান না সুধীর।‘মাঠে শিশির থাকবে। আগের ম্যাচগুলোতে না করলেও ফাইনালের জন্য কেমিক্যাল স্প্রে করব আমরা। এটা শিশিরের পরিমাণ কমাবে’— বলেছেন ওয়াংখেড়ের কিউরেটর। ভারতের সাবেক ক্রিকেটার নায়েক জানিয়েছেন, উপমহাদেশের অন্যান্য উইকেটের মতোই স্লো-টার্নিং হবে ওয়াংখেড়ের উইকেট। তার পরও এ উইকেটে প্রচুর রান পাবেন ব্যাটসম্যানরা। শুরুর দিকে পেসাররা পিচের সহায়তা পেলেও ম্যাচের দ্বিতীয় সেশনে ভালো সুবিধা পাবেন স্পিনাররা। তাই কিছুটা এগিয়ে থাকবে প্রথমে ব্যাটিং করা দল। দিবারাত্রির এই ফাইনালে ২৭০-২৮০ রানকেই বেশ ভালো স্কোর মনে করছেন ওয়াংখেড়ের কিউরেটর। ‘ওয়ানডের জন্য আদর্শ উইকেট হবে এটি’—বলেছেন ৬৬ বছর বয়সী নায়েক। ওয়েবসাইট।