শিশিরে কুয়াশায় শীতের আগমনী
শিশিরভেজা ভোর আর কুয়াশাঢাকা সন্ধ্যা—এই এখন বাংলার প্রকৃতি। এরা শীতের অগ্রদূত, জানান দিচ্ছে তার আগমনী। কার্তিক মাস প্রায় ফুরিয়ে এল। রোদের খরতাপ ম্লান হয়ে আসছে দিনে দিনে। মাঠে মাঠে পেকে উঠছে আমন ধান। সেই ধানে হবে নবান্নের উৎসব। গ্রামবাংলায় চলছে নবান্নের প্রস্তুতি। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রকৃতির রূপও। শিগগিরই ফুটবে সরিষার ফুল। দিগন্তজোড়া ফসলের মাঠ ভরে উঠবে চোখজুড়ানো কাঁচা হলুদ রঙের প্রলেপে। তার ওপর ডানার গুনগুন গুঞ্জরণে উড়বে মৌমাছির ঝাঁক। শহরাঞ্চলে অবশ্য সেই সৌন্দর্যের আভাস মেলে না, তবে বাজারে পাওয়া যায় আঁটিবাঁধা সরিষার শাক। খাদ্য-খাদকের সম্পর্কটাই শহরে প্রধান। ঋতু বদলের লক্ষণটিও টের পাওয়া যায় এই সম্পর্কের রেশ ধরেই। সেই সূত্রেই এখন রাজধানীর বাজারে উঠেছে সরিষা, মুলা, পালং প্রভৃতি তরতাজা শাক-পাতা। ট্রাকে বোঝাই হয়ে আসছে ফুলকপি, বাঁধাকপি, শিম প্রভৃতি। আলু, পাতা সমেত পেঁয়াজ—এসবও এসে যাবে অচিরেই। শহরের ফুটপাতে ফুচকার দোকানের পাশে শুরু হয়ে গেছে ভাপা-চিতই পিঠা বিক্রির পালা। শীত গায়ে লাগছে না এখনো। এসব নিদর্শন প্রমাণ করছে, আছে সে খুব নিকটেই।দেশের উত্তরাঞ্চলেই শীতের প্রকোপ তীব্র এবং স্থায়িত্ব তুলনামূলক প্রলম্বিত হয়। সেদিকটায় রবীন্দ্রনাথের সেই গানের মতো শীতের হাওয়ার নাচন লেগেছে আমলকীর ডালে। আমলকীগাছ কি আছে ওদিকে! থাকতেই পারে। অধুনা বৃক্ষরোপণে জনসচেতনতা ও উৎসাহ বেড়েছে। সে যাক, ঢাকা ছেড়ে গ্রামাঞ্চলে—বিশেষ করে উত্তরের পথে যারা যাত্রা করবেন, সঙ্গে দু-এক প্রস্থ গরম কাপড় নিলেই ভালো করবে। যাত্রার প্রসঙ্গটি আসছে ঈদুল আজহা উপলক্ষে। বরাবরের মতোই এবারও প্রিয়জনের সান্নিধ্য ও ঈদের আনন্দ উপভোগের জন্য যাত্রা শুরু হয়েছে। আবহাওয়াও এখন বেশ চমৎকার। না শীত না দুর্বিষহ গরম। তবে হঠাৎ করে শহরের গুমোট থেকে গ্রামের হিমেল আবহাওয়ার মধ্যে গিয়ে পড়লে শিশুদের খানিকটা সমস্যা হতেই পারে। তারা জ্বর-সর্দি বাঁধিয়ে বসলে উৎসবের আনন্দ খানিকটা ফিকে হয়ে পড়তে পারে—এই অনভিপ্রেত বিড়ম্বনায়। এ ছাড়া শীতের প্রাক্কালে শিশিরভেজা গ্রামীণ প্রকৃতির কাছে ফিরে যাওয়া, বাড়িয়ে দেবে ঈদের আনন্দ।