শিশিরে সিক্ত সাকিব
সাকিব আল হাসান। নামটি দেখে হয়তো ভাবছেন বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেট দলের কোনো খবর। কিন্তু না। আজ এই অলরাউন্ডার জীবনের নতুন একটি ইনিংস শুরু করলেন। তিনি বিয়ে করেছেন। পাত্রী উম্মে আহমেদ শিশির। রাজধানীর রূপসী বাংলা হোটেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণীর সঙ্গেই সাকিবের আক্দ হয়। তবে কিছুটা ঘরোয়াভাবেই হবে সবকিছু। বিয়ের অনুষ্ঠান হবে আগামী মার্চ মাসে।ক্রিকেটারদের মধ্যে এই অনুষ্ঠানে শুধু উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের বিস্ফোরক ওপেনার তামিম ইকবাল। এছাড়া দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকেই প্রণয়। দুজনের পছন্দে বিয়ে হলেও পারিবারিকভাবেই হয়েছে সবকিছু। শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়, তবে থাকেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।