শিশিরের আগেই শ্রীলঙ্কা শেষ
শ্রীলঙ্কা: ৪৬.১ ওভারে ২১৩ভারত: ৩২.৪ ওভারে ২১৪/২ফল: ভারত ৮ উইকেটে জয়ীশিশিরে ভেজা বল বোলারদের জীবন কেমন দুর্বিষহ করে তুলছে, আগের তিন ম্যাচে তা দেখেছেন এবং তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন কুমার সাঙ্গাকারা। তিন ম্যাচেই টসে জিতেছেন এবং বোলিংয়ের কাজটা প্রথমেই সেরে নিয়েছেন। টানা চতুর্থ টস জিতলেন কাল এবং জিতে ইচ্ছে করেই দলের বোলারদের ফেলে দিলেন শিশির নামের প্রবল প্রতিপক্ষের সামনে।ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। সেই ফাইনালেও টসভাগ্য তাঁর দিকেই তাকিয়ে হাসবে, এমন তো কথা নেই। শিশিরভেজা বলে বোলিংয়ের ম্যাচ প্র্যাকটিসটা তাহলে এই ম্যাচেই হয়ে যাক না কেন!সেটি যে খুব ভালো হলো, তা নয়। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাই সেই প্র্যাকটিসের বারোটা বাজিয়ে দিলেন। ইদানীংকালের ওয়ানডেতে উইকেট ভয়াবহ খারাপ না হলে ২১৩ কোনো স্কোরই নয়। এরপর যা হওয়ার কথা, তা-ই হলো। মাত্র ২ উইকেট হারিয়েই ভারত হেসে-খেলে টপকে গেল সেই ২১৩। পরে ব্যাটিং করা দলের জয়ের ধারা বজায় থাকল এ ম্যাচেও। তবে নির্ধারক হলো শুধুই ক্রিকেটীয় দক্ষতা। ২১৪ রান লক্ষ্যের ম্যাচে শিশির-ফিশির নিয়ে কথা বলার কোনো মানে হয় নাকি!এই ২১৩ করতেও শ্রীলঙ্কার প্রাণান্তকর অবস্থা! ৬ উইকেটে ৮৪ হয়ে যাওয়ার পর তো এমনও মনে হচ্ছিল, শিশির ভালোমতো পড়তে শুরু করার আগেই না এই ম্যাচ শেষ হয়ে যায়! কুমার সাঙ্গাকারা ও সুরাজ রনদিভের হাফ সেঞ্চুরিতে রানটা দুই শ পেরোল বটে, কিন্তু এই সামান্য পুঁজি নিয়ে কী করবে শ্রীলঙ্কান বোলাররা! শিশিরভেজা হোক বা শুকনো বল—তাতে কী-ই বা আসে যায়!তবে কালকের ম্যাচের এক্সপেরিমেন্ট থেকে শ্রীলঙ্কা একটা জিনিস অন্তত শিখল—শিশিরভেজা বলে বোলিং কঠিন, ক্যাচ ধরাও সহজ নয়। তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা কথাটা বললে অবশ্য সেটিকে ব্যর্থতা আড়াল করার একটা কৌশল বলেই ধরে নেবেন সবাই। গৌতম গম্ভীর যে ৭১ রান করতে তিনটি ইনিংস খেলে ফেলতে পারলেন, সেটি তো শ্রীলঙ্কান দুই ওপেনারের সৌজন্যেই। থিলান তুষারার পরপর দুই ওভারে গম্ভীরের ক্যাচ ফেলেছেন দিলশান ও থারাঙ্গা। প্রথমটি কভার পয়েন্টে, দ্বিতীয়টি মিড উইকেটে। বছরখানেক ধরে গৌতম গম্ভীরের ব্যাটে রানের যে ফল্গুধারা, তাতে ৪১ ও ৪৩ রানে ‘নতুন জীবন’ পাওয়ার পরও সেঞ্চুরি করতে না পারাটা চরম ব্যর্থতা বলেই গণ্য হওয়া উচিত।স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই উপুল থারাঙ্গার বিদায়ে শুরু শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলও যেমন চরম ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, প্রথম তিন ম্যাচের তুলনায় ভারতীয় বোলিং অনেক ভালো হয়েছে। কিন্তু সেটি ষষ্ঠ ওভারে ১ উইকেটে ৪২ থেকে ১৯তম ওভারে ৬ উইকেটে ৮৪ হয়ে যাওয়ার মতো বিধ্বংসী কিছু ছিল না। ‘বোলার’ রনদিভের হাফ সেঞ্চুরিই তার প্রমাণ।ফাইনাল নিশ্চিত করা এই জয়ে মহেন্দ্র সিং ধোনি অবশ্য তাঁর প্রধান পেসার জহির খানের ফর্মে ফেরাটাকেই বড় পাওয়া বলে মানবেন। এই টুর্নামেন্টের আগেই দলে বোলিং কোচের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে বলে ভারতীয় সাংবাদিকদের হাতে লেখার একটা খোরাক তুলে দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তীব্র সমালোচনাও করেছেন বোলারদের। কাল প্রথম ৬ ওভারে জহির খানের ৬-২-১১-২ বোলিং বিশ্লেষণে তাঁর কড়কানির ভূমিকা আছে ভেবে আত্মতৃপ্তি পেতেই পারেন ধোনি।সাঙ্গাকারাকে যেমন গভীর দুশ্চিন্তা উপহার দিয়ে গেল তাঁর দলের ব্যাটিং। শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটা ছিল ফাইনালের আগে সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ। ভারতের কাছে প্রায় সেমিফাইনাল। কাল হেরে বসলে পরদিন অর্থাত্ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে বাড়তি একটা মাত্রা যোগ হতো। বাংলাদেশ জিতে গেলে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হতো রানরেটে। ভারতের দাপুটে জয় নিছকই নিয়মরক্ষার ম্যাচ বানিয়ে দিল আজকের বাংলাদেশ-ভারতকে।টিকিটের উচ্চমূল্য এই টুর্নামেন্টে গ্যালারি ভরে উঠতে দিচ্ছে না। কাল খালি থাকল সবচেয়ে বেশি। যারা এসেছিল, বাংলাদেশের ফাইনাল খেলার গাণিতিক সম্ভাবনাটা শেষ হয়ে যাওয়ার চেয়েও তাদের বেশি আক্ষেপে পোড়াল ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ না থাকা। এমনিতেই ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে গত বছর দেড়েক পাড়ার ক্রিকেটের মতো সকাল-বিকেলের ব্যাপার হয়ে উঠেছে। কালকের ম্যাচটি ১৯ মাসেরও কম সময়ে দুদলের ২১তম ওয়ানডে। সম্ভবত সবচেয়ে ম্যাড়মেড়েও।দর্শকদের আক্ষেপ থাকতে পারে আরেকটি কারণেও। ব্যাটিং ব্যাকরণকে নিজের মতো অনুবাদ করে নেওয়া দুই ওপেনারের বহু প্রার্থিত সেই দ্বৈরথটা যে এ দিনও দেখা হলো না। ভারত-শ্রীলঙ্কা প্রথম ম্যাচে কুঁচকির চোটের কারণে ছিলেন না তিলকরত্নে দিলশান। কাল ফিরলেন এবং যেন চোটের কথা ভেবেই দৌড়ে রান নেওয়াটাকে বিষবত্ পরিত্যাজ্য জ্ঞান করে শুধু বাউন্ডারি মারতে শুরু করলেন। মাত্র ১৭ বলে ৩৩ রানের ৩২-ই বাউন্ডারি থেকে। একমাত্র সিঙ্গলটি নিয়েছেন ৭টি বাউন্ডারি মারার পর। কিন্তু বীরেন্দর শেবাগ যে কাল আবার দর্শকের ভূমিকায়!আগের দুদিন প্র্যাকটিসে আসেননি। ভারতীয় দলের পক্ষ থেকে বলা হয়েছিল, কোনো সমস্যা নয়, শেবাগ বিশ্রাম নিচ্ছেন। কাল দলের সঙ্গে মাঠে এলেও না-খেলার কারণ হিসেবে অসমর্থিত সূত্রে জানা গেল পেটের গণ্ডগোলের কথা।শেবাগ-দিলশান দ্বৈরথটা তাহলে ফাইনালের জন্যই তোলা থাকল!