শিশু অপরাধীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শিশু-কিশোরদের অধিকার, হেফাজত, রক্ষণ, বিচার ও শাস্তি সম্পর্কিত শিশু আইন ১৯৭৪ প্রচলিত রয়েছে। তা ছাড়া সংবিধানের ২৮ অনুচ্ছেদে শিশুর স্বার্থে যেকোনো কল্যাণমুখী আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। জাতি সংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদেও প্রথম পর্যায়ের ২২টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ সম্মতিসূচক স্বাক্ষর করেছে। আমাদের দেশে অপরাধীদের জামিনের বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসারিত হয়। তবে শিশু-কিশোরদের জন্য তা সম্পূর্ণভাবে প্রযোজ্য নয়। তাদের দিয়ে মৃত অপরাধের বিচার প্রক্রিয়া এবং শাস্তি প্রদানে নমনিয় ও সংশোধনমূলক ভূমিকা প্রয়োগের জন্যই ভিন্ন বিধান প্রণয়ন করা বিবেচিত হয়েছে। জীবনচক্রের ধারাবাহিকতার প্রাকৃতিক নিয়মেই শিশুদের বিবেক-বুদ্ধি, নৈতিকতাবোধ স্বভাবতই অপরিপক্ব থাকে। এ কারণেই শিশু-কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধ ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে ধরা হয়। সংশোধনের মাধ্যমে তাদের যাপিত জীবনে অপরাধমুক্ত রাখার জন্যই বিশেষ এসব বিধান প্রতিপালিত হয়।অপরাধী স্বেচ্ছায় আদালতে হাজির হলে অথবা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারের পর জামিনের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুসরণ করা হয়। কিন্তু একই বিষয়ে শিশুদের ক্ষেত্রে শিশু আইন ১৯৭৪-এর ৪৮ ধারা অনুসরণ করতে হয়। এ ধারায় গ্রেপ্তারকৃত শিশুর জামিনের বিষয়ে বলা হয়েছে সে ক্ষেত্রে আপাতদৃষ্টিতে ১৬ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে জামিনের অযোগ্য অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে আদালতে হাজির করা যায় না, সে ক্ষেত্রে পর্যাপ্ত জামানত পাওয়া গেলে তাকে যে থানায় আনা হয়েছে সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনে খালাস দিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে খালাস দেওয়া হলে ওই অপরাধীর কোনো কুখ্যাত অপরাধীর সাহচর্য লাভ করবে অথবা নৈতিক বিপদের সম্মুখীন হবে অথবা খালাস দেওয়ার কারণে ন্যায় বিচারের উদ্দেশে বা অভিপ্রায় ব্যাহত হয় সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে খালাস দেওয়া যাবে না। একই আইনের ৪৯(১) ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে আপাত দৃষ্টিতে ১৬ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর ৪৮ ধারামতে জামিন না পায়, সে ক্ষেত্রে যত দিন তাকে আদালতে জাহির করা না যায় তত দিন পর্যন্ত তাকে রিমান্ড হোম বা কোনো নিরাপদ স্থানে আটক রাখার জন্য থানার ভারপ্রাপ্ত অফিসার ব্যবস্থা করবেন। একই ধারার দুই উপধারায় বলা হয়েছে, যে শিশু জামিনে খালাস প্রাপ্ত হয়নি তাকে বিচারে প্রেরণ করিয়া আদালত তাকে কোনো রিমান্ড হোম অথবা নিরাপদ স্থানে আটক রাখার জন্য আদেশ দেবেন।শিশু আইন ১৯৭৪-এর এ ধারাগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায় জামিন পাওয়া অথবা না পাওয়া উভয় অবস্থায়ই শিশুরা সংশোধনমূলক বিচারের আওতায় থাকবে অর্থাৎ শিশুর মননে সে অপরাধী এবং শাস্তি হবে এ সব বিষয়ের ছায়াও যেন না পড়ে। কোনো মানবসন্তানই অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। জীবনবোধে দরিদ্রতা আর বেঁচে থাকার ন্যূনতম মৌলিক চাহিদার প্রয়োজনের অপ্রাপ্তি ধীরে ধীরে তাকে নিয়মতান্ত্রিক স্রোতের প্রতিকূলে নিয়ে যায়। এ ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ববোধের ব্যর্থতাও অনেকাংশে দায়ী।উত্তর পুরুষের জন্য এ পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে বিচার ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রেই পূর্ব পুরুষ হিসেবে আমাদের করণীয় ও দায়িত্ব রয়েছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে সময়ের হাত ধরে আগামীর নির্মাতা হবে শিশুরাই। আমরা কি পারব না সেই আলোর মশাল উত্তর প্রজন্মের জন্য জ্বালিয়ে দিতে? যেমনটি আমরাও বহন করছি আমাদের পূর্ব প্রজন্ম হতে উত্তর প্রজন্ম হিসেবে প্রাপ্ত হয়ে।লেখক  আইনজীবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বার