শিশু আইন-২০১০-এর খসড়ায় নীতিগত অনুমোদন
শিশু আইন-২০১০-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে বৈঠকে মুক্তিযোদ্ধার সন্তানসহ মুক্তিযোদ্ধা পরিবারের অন্য সদস্যদের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং করপোরেশনে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করার সুবিধা পাবেন। এ ছাড়া বৈঠকে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তা ছাড়া যুক্তরাজ্যের বাজেট প্রণয়ন, ব্যবস্থাপনা ও নিরীক্ষা সম্পর্কে প্রতিবেদন সম্পর্কে মন্ত্রিসভাকে অভিহিত করা হয়েছে। শিশু আইন ২০১০-এর খসড়ায়, নয় বছরের নিচের বয়সী কোনো শিশুকে আদালতে বিচারের জন্য সোপর্দ করা যাবে না। শিশুদের জন্য শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে। এ ছাড়া আগের আইনে ১৬ বছরের নিচের যেকোনো ব্যক্তির জায়গায় ১৮ বছরের নিচের যেকোনো ব্যক্তিকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।১৯৭৪ সালের শিশু আইন যুগোপযোগী করে শিশু অধিকার সনদের সঙ্গে সংগতি রেখে নতুন আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।খসড়ায় অন্যান্য বিষয়ের মধ্যে বিশেষ করে আইনের সংস্পর্শে আসা এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের জন্য প্রয়োজনীয় বিধানের উল্লেখ করা হয়েছে। নয় বছরের নিচের বয়সী শিশুকে আদালতে সোপর্দ না করার পাশাপাশি এতে ১২ বছরের কম বয়সী শিশুকে গ্রেপ্তার করার সময় হাতকড়া না পরানো বা বল প্রয়োগ না করার বিধান রাখা হয়েছে। খসড়ায় শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন—এমন শিশুদের নির্দিষ্ট করার কথা বলা হয়েছে।বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি সংস্থার পরামর্শ ও ওয়েবসাইটে জমা পড়া মতামতের আলোকে তৈরি নতুন এ আইনের খসড়ায় আগের আইনে ৯৫টি নতুন ধারা যুক্ত করা হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাবিত শিশু আইনের খসড়া চূড়ান্ত করা হয়। ৮ ডিসেম্বর খসড়াটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়।